কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম, শাপলাপুর ও বড় মহেশখালী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সদস্যপদে উপনির্বাচন আগামীকাল সোমবার। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ প্রার্থী।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপনির্বাচন হবে কুতুবজোমের ১, শাপলাপুরের ৭ ও বড় মহেশখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। এর মধ্যে কুতুবজোম ও শাপলাপুরের ওয়ার্ডের সদস্যপদ শূন্য হয়। অন্যদিকে বড় মহেশখালীতে স্থগিত একটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। তিন ওয়ার্ডের মধ্যে কুতুবজোমে ২, শাপলাপুর ৭ ও বড় মহেশখালীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় মহেশখালীতে সদস্যের পাশাপাশি চেয়ারম্যান পদেও ভোট হবে। স্থগিত কেন্দ্রের ভোটের জন্য আটকে আছে চেয়ারম্যান পদের ফলাফল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, প্রত্যেক ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একটি স্ট্রাইকিং ও দুটি মোবাইল টিম থাকবে। ফলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।
উল্লেখ্য, গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় বড় মহেশখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়। এরপরও ১০টি কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফলে এগিয়ে আছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ পেয়েছেন ১০ হাজার ৬১০ ভোট। এতে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকায় চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। এদিকে ৩ জুলাই রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা উপজেলার কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর ওরফে নাগুকে (৪৫) গুলি করে হত্যা করার পর ওই ওয়ার্ডে সদস্যপদ শূন্য হয়। আর তিন মাস আগে শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপদ শূন্য হয় ইউপি সদস্য শাহ আলম মৃত্যুবরণ করায়।