সদাপ্রস্তুত সাজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন যেখান থেকে ডাক আসে তখন সেখানেই ছুটে যান সাজিয়া মেহ্জাবীন। ছবি: অধুনা
যখন যেখান থেকে ডাক আসে তখন সেখানেই ছুটে যান সাজিয়া মেহ্জাবীন। ছবি: অধুনা

তাঁর পদের নামটা শুনলে কাজের ধরনটা খানিক আঁচ করা যায়—ইমার্জেন্সি নিউট্রিশন ম্যানেজার। পদের নামে যেহেতু ইমার্জেন্সি মানে জরুরি শব্দ যোগ হয়েছে, তাতে সৈয়দা সাজিয়া মেহ্‌জাবীনের পেশাটা যে জরুরি সময়ের সেটা পরিষ্কার। আর খাদ্য-পুষ্টির বিষয়টাও বোঝা যাচ্ছে। তাঁর পেশার ধরনটাই এমন, সব সময়ই তাঁকে প্রস্তুত থাকতে হয়। থাকেন দেশেই। কিন্তু কাজের জায়গা মূলত বিভিন্ন দেশে। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধবিধ্বস্ত শহর—যেখানে মানুষ খাবার না পেয়ে মুমূর্ষু, সেখানেই ছুটে যেতে হয় সাজিয়াকে। ই-মেইলে তাঁকে অফিসের প্রধান কার্যালয় থেকে জানানো হয় কবে কোন শহরে যেতে হবে। এরপর হাতে হয়তো সময় পান মাত্র সাত-আট বা ১০ দিন। এর মধ্যে প্রস্তুত হয়ে আর্তের সেবায় উড়াল দেন সাজিয়া।

সাজিয়া কাজ করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ইমার্জেন্সি রেসপন্স টিমে। কাজের জন্য সব সময় কিছু প্রস্তুতি থাকে সাজিয়ার। বললেন, ‘তিন ধরনের ব্যাগ সব সময় গুছিয়ে রাখি আমি। একটা ব্যাগে থাকে শীতপ্রধান দেশের উপযোগী পোশাক, আরেকটা ব্যাগ আফ্রিকার দেশগুলোর জন্য আর তৃতীয় ব্যাগে থাকে ইসলামি দেশগুলোর উপযোগী পোশাক। কখন কোন দেশে যেতে হয় তার তো ঠিক নেই।’ ব্যাগে পোশাকের সঙ্গে বিস্কুট, বাদাম, কফির মতো খাবারও ভরে রাখেন সাজিয়া। আর নিজের মতো করে কিছু ডলার, ইউরোসহ বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখেন।

ঢাকায় মায়ের বাসায় বসে সৈয়দা সাজিয়া মেহ্‌জাবীন তাঁর কাজের একটা অভিজ্ঞতা শোনালেন, ‘ক্যাম্পে এসেই ধপাস করে পড়ে গেল মা ও নবজাতক। হইচই শুনে এগিয়ে এসে যা দেখলাম, তাতে আমার চোখ ছানাবড়া। অনাহারে থাকা কঙ্কালসার মায়ের কোলের শিশুটিও না খেয়ে আছে দুই সপ্তাহ ধরে। শিশুটির বাঁচার আশা ছেড়েই দিয়েছে সবাই। অনেক দিন না খেয়ে থাকায় মায়ের বুকের দুধও পাচ্ছিল না সে। দক্ষিণ সুদানের প্রত্যন্ত এক গ্রাম থেকে মা তাঁর শিশুটিকে নিয়ে আমাদের জুবা ক্যাম্পে পৌঁছাতে প্রায় তিন সপ্তাহ লেগেছে তাঁর।’ সেই মা ও শিশুকে সুস্থ করার দায়িত্ব তিনি নেন। জরুরি দলের সহায়তায় সাজিয়া মা ও শিশুকে বাঁচানোর লড়াই শুরু করলেন। প্রাথমিক চিকিৎসার সঙ্গে মা ও শিশুকে খাবার দেওয়া শুরু করলেন বিশেষ পদ্ধতিতে। এক সপ্তাহের মধ্যে দুজনেই সুস্থ হতে লাগল। এরপর মাকে খাবারের পুষ্টিগুণ সম্বন্ধে সচেতন করে সেভাবে খাবার সরবরাহ করা হলো। কয়েক দিনের মধ্যে মায়ের বুকে দুধ ফিরে এল। শিশুটিও সুস্থ হয়ে উঠল।

এমন কাজই করতে হয় সাজিয়াকে, অল্প সময়ের তলবে ছুটে যেতে হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। যথাযথ পুষ্টি ও খাবার দিয়ে বাঁচাতে হয় মানুষকে। চাকরিতে যোগ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে প্রথম মাঠপর্যায়ের কাজে গিয়েছিলেন ইথিওপিয়া। সেখানে কাজ ছিল অন্তঃসত্ত্বা নারী ও অনূর্ধ্ব পাঁচ বছর বয়সের শিশুদের পুষ্টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া। ‘ক্যাম্পে আসা নারী ও শিশুদের বোঝাতাম। তাঁদের শুকনো মুখের হাসি দেখে নতুন করে কাজে অনুপ্রেরণা পেতাম।’ আবার অনেক দেশে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করতে হয় সাজিয়াকে। অনেক জায়গায় কাদাপানি, প্রবল খরা, ঝড়-জলোচ্ছ্বাসে বিধ্বস্ত, খাবার ও পানির সংকট থাকে। ‘কখনো কোনো সংশয়ে পড়লেও অভাবী মানুষের মুখ মনে ভেসে উঠলেই সব ভুলে যাই।’

সাজিয়া পড়াশোনা করেছেন কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে। স্নাতকে (সম্মান) প্রথম শ্রেণিতে তৃতীয় এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করা সাজিয়ার ইচ্ছা ছিল শিক্ষকতা করার। তবে তাঁর শিক্ষক নজরুল ইসলাম খানের পরামর্শে আবেদন করে চাকরি পেয়ে যান হেলেন কেলার ইন্টারন্যাশনালে। বছর খানেকের মধ্যে চাকরি বদলে চলে আসেন জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ে। ভালো লাগা থেকে একদিন আবেদন করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে। এরপর দুই দফা অনলাইন পরীক্ষা দিয়ে সরাসরি সাক্ষাৎকারের ডাক আসে ডাবলিন শহরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে। সাজিয়া বলেন, ‘২০১১ সালে নির্বাচিত হয়ে কাজ শুরু করলাম। শুরুতে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ। সেখানে আমাকে নিজের সুরক্ষা বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হলো। কারণ, আমাকে কাজ করতে হবে বিভিন্ন দেশের জরুরি স্থানগুলোতে। বিশেষ করে যুদ্ধ, বন্যা, ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যস্ত এলাকায়। তাই সেখানে কাজ করাটা সারাক্ষণই একটা চ্যালেঞ্জ।’

ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন, পাকিস্তানসহ অনেক দেশে কাজ করেছেন তিনি। সাধারণত বাংলাদেশই থাকেন। কখনো বরিশালে স্বামী ইকবাল হোসেনের সঙ্গে, কখনো ঢাকায় মায়ের বাসায় থাকেন সাজিয়া। স্বামী বিশ্ব খাদ্য সংস্থার বরিশালের বিভাগীয় প্রধান। সাজিয়া নিয়মিত অফিসের সঙ্গে যোগাযোগ রাখেন ই-মেইল ও স্কাইপে। আন্তর্জাতিক সংবাদগুলো নিয়মিত দেখেন বা পড়েন। এসব খবর থেকে অনেক সময় বুঝতে পারেন কোন দেশে যেতে হতে পারে তাঁকে।

বিপৎসংকুল, দুর্গম এলাকাগুলোতেই বেশি কাজ করতে হয় সাজিয়াকে। ভয় লাগে না? হেসে ওঠেন। বলেন, ‘ছোটবেলা থেকেই আমি একা ঘুরে অভ্যস্ত। সবকিছু জেনেশুনেই এ চাকরিতে এসেছি। আমি যে কাজ করি, সেটা হচ্ছে জরুরি স্থানগুলোতে বসবাসরত মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা। তাদের ভাষা ভিন্ন হতে পারে কিন্তু অসহায় মানুষগুলো খাবার পেয়ে যেই একটা হাসি দেয়, সেটা বুঝতে অন্য ভাষা শেখার দরকার পড়ে না।’