সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীতের আসরে গান পরিবেশন করেন শিল্পী মেরিনা আহমেদ আলম
সদারঙ্গের উচ্চাঙ্গ সংগীতের আসরে গান পরিবেশন করেন শিল্পী মেরিনা আহমেদ আলম

নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ আয়োজিত দুদিনব্যাপী অষ্টাদশ জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন গত ৩০ জানুয়ারি শেষ হয়। গত ২৯ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে অংশগ্রহণ করেন সদারঙ্গের প্রায় ৪০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সম্পাদক শিল্পী স্বর্ণময় চক্রবর্তী।
প্রথম দিনের আসরে রাগ জয়জয়ন্তী পরিবেশন করেন মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মেরিনা আহমেদ আলম। তবলায় ছিলেন ভারতের শিল্পী রূপক মিত্র। হারমোনিয়ামে বাজান ময়মনসিংহের শিল্পী সালাউদ্দিন। এরপর যোগ রাগে খেয়াল পরিবেশন করেন রাজবাড়ীর শিল্পী ফকির শহীদুল ইসলাম। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন নেত্রকোনার শিল্পী অরুণ চন্দ্র দাশ। তানপুরায় ছিলেন শিল্পী প্রমিত বড়ুয়া। ফেনীর শিল্পী শ্যামল দাশ বেহালায় দেশ রাগ বাজিয়ে শোনান। তাঁর সঙ্গে তবলায় ছিলেন নারায়ণগঞ্জের সবুজ আহমেদ।
সম্মেলনের দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ‘উচ্চাঙ্গ সংগীত ও বর্তমান সমাজ’ শীর্ষক সেমিনার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া। সঞ্চালনা করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। আলোচনা করেন মানস দাশগুপ্ত, অনিমেষ চক্রবর্তী, এনায়েত উল্লা, এ কে মহিউদ্দিন প্রমুখ।
মিশ্র কলাবতী রাগে উদ্বোধনী সংগীতের মাধ্যমে দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হয়। রাগ মধুবন্তী পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পী শম্পা ভট্টাচার্য। তাঁর সঙ্গে তবলা বাজান রাজীব চক্রবর্তী। তানপুরায় ছিলেন শিল্পী পুর্ণতা ভট্টাচার্য। চট্টগ্রামের শিল্পী রাজেশ সাহা পরিবেশন করেন রাগ হংসধ্বনি। তাঁর সঙ্গে হারমোনিয়ামে শিল্পী শুভ দাশ ও তানপুরায় তপু বড়ুয়া সংগত করেন। সবশেষে চতুরঙ্গী যন্ত্রে রাগ দেশ পরিবেশন করেন ঢাকার শিল্পী দীপন সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাপিয়া ভট্টাচার্য ও মৌসুমী দাশগুপ্তা।