সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত সম্মেলন ১৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। উদ্বোধনীপর্বের পর রাত ১১টা পর্যন্ত চলবে উচ্চাঙ্গসংগীতের আসর। পরদিন ১৪ জানুয়ারি ‘সুস্থ সংস্কৃতি, পরিশীলিত মন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নাট্যজন আলী যাকের। এরপর রাত ১০টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত চলবে উচ্চাঙ্গসংগীতের আসর।
সম্মেলনে কণ্ঠ ও যন্ত্রসংগীত পরিবেশন করবেন ভারতের শুচিশ্রী রায়, ইন্দ্রদীপ ঘোষ, প্রদীপ ব্যানার্জি, শুভেন্দু দাশ, শ্রুতি পাঠক দাশ ও সরিৎ দাশ। এ ছাড়া বাংলাদেশের সত্যজিৎ চক্রবর্তী, সালাউদ্দিন শান্তনু, রাজরূপা চৌধুরী, প্রিয়াংকা গোপ, সবুজ আহমেদ, ইফতেখার আলম, শান্ত আহমেদ, কামরুল আহমেদ, লিপু দাশ, মৌমিতা হক, প্রমিত বড়ুয়া, পলাশ দেব ও রাজীব চক্রবর্তীও পরিবেশনায় অংশ নেবেন। বিজ্ঞপ্তি।