চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সনদ তুলতে ৪৮টি স্বাক্ষরের প্রয়োজন হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের সব কার্যক্রম সমাপ্ত করে সনদ পেতে গ্রিন বুক নামে একটি বিশেষ বই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এই গ্রিন বুকে শিক্ষার্থীদের ফলাফল-সম্পর্কিত প্রাতিষ্ঠানিক তথ্য জমা থাকে। আর এই গ্রিন বুকের সব তথ্য পূরণ করে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে শুরু হয় শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ অভিযান। দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে চলে যায় কমপক্ষে সাত দিন।জানা গেছে, চুয়েটে গড়ে প্রতিটি বিভাগে ছয় থেকে সাতটি ল্যাব রয়েছে। এই ল্যাবের টেকনিশিয়ানের স্বাক্ষরের পর বিভাগীয় প্রধানেরা স্বাক্ষর দেন। কোনো কারণে এর একটি সংগ্রহ করতে না পারলে বিভাগীয় প্রধানের স্বাক্ষর আর পাওয়া যায় না।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে বিদায়ী শিক্ষার্থীদের পাওনা চুকিয়ে বিদায়ের স্বচ্ছতা হিসেবে আখ্যা দিলেও দীর্ঘ এ প্রক্রিয়ায় বিরক্তি প্রকাশ করেন এ কাজে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতার মডেল হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে আধুনিকীকরণের দাবি জানান। শেষ বর্ষের শিক্ষার্থীরা জানান, অসংখ্যবার এ স্বাক্ষর-প্রক্রিয়ার দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।এ স্বাক্ষর-প্রক্রিয়ার ভুক্তভোগী ও পুরকৌশল বিভাগ থেকে সদ্য পাস করা প্রকৌশলী শাহাদৎ হোসেন জানান, ক্যাম্পাসের আনাচকানাচে ঘুরে ঘুরে সব দোকান, ল্যাব, হল ও বিভাগ থেকে স্বাক্ষর সংগ্রহ করা অত্যন্ত বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের স্বচ্ছতা পর্যবেক্ষণ ও পাওনা আদায়ের ব্যবস্থা করে স্বাক্ষরের এ জটিলতা দূর করতে পারে কর্তৃপক্ষ।শুধু শিক্ষার্থীই নন, শিক্ষকেরাও এ প্রক্রিয়ায় বিরক্ত প্রকাশ করেন। সময়-অসময় একজন একজন করে স্বাক্ষর নিতে আসায় শিক্ষকদেরও বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। এ প্রসঙ্গে নতুন হলের প্রভোস্ট ড. আশুতোষ সাহা বলেন, স্বাক্ষরের এ প্রক্রিয়া শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও কম বিরক্তিকর নয়। কেন্দ্রীয়ভাবে ছাত্রদের স্বচ্ছতা পর্যবেক্ষণ ও পাওনা মেটানোর ব্যবস্থা করলে ছাত্র ও শিক্ষক উভয়ের ভোগান্তি কমবে।