সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে জায়গা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে একটি উপাসনালয় নির্মাণের জন্য সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ক্যাম্পাসে সব সম্প্র্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। তাই তাঁদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মন্দির নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। আশা করি, খুব দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হবে।প্রশাসনের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। সনাতন ধর্ম পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুকুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবি অনেক দিনের। অবশেষে কর্তৃপক্ষ এ দাবি মেনে নিয়েছে। মন্দির নির্মাণ হলে আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সহজেই পালন করতে পারব।’ মন্দিরের স্থান নির্ধারণী কমিটির প্রধান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ গফুর প্রথম আলোকে বলেন, ‘মন্দির নির্মাণের জন্য আমরা চারটি স্থান নির্বাচন করেছি। এর মধ্যে সবচেয়ে নিরাপদ হিসেবে উত্তর ক্যাম্পাসে অবস্থিত প্যাগোডার পাশের স্থানটিকে নির্ধারণ করা হয়েছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে চার হাজার শিক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তাঁদের জন্য কোনো উপাসনালয় নির্মাণ করা হয়নি। ফলে ক্যাম্পাসে ধর্মীয় প্রার্থনা ও অনুষ্ঠানাদি নির্বিঘ্নে পালন করতে সমস্যায় পড়তেন শিক্ষার্থীরা। এ জন্য তাদের পক্ষ থেকে উপসনালয় নির্মাণের দাবিতে বিভিন্ন সময় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীরা ১৯৯৯ সালে প্রথম বারের মতো জারুল তলায় সরস্বতী পূজা উদ্যাপনের সময় ক্যাম্পাসে আলোচনা করতে গিয়ে স্থায়ী মন্দির নির্মাণের জন্য দাবি তোলেন। ওই সভায় তৎকালীন উপাচার্য স্থায়ীভাবে মন্দির নির্মাণের আশ্বাস দেন। এরপর ২০০৩ সালে পাহাড়ি ছাত্র পরিষদের নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৎকালীন উপাচার্য এ জে এম নুরুদ্দিন চৌধুরী ক্যাম্পাসে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় নির্মাণের আশ্বাস দেন।