সনাতনী পেশায় আধুনিক তরুণ-তরুণীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের জোয়েলে নগরে মধ্যযুগের এই গির্জাটিকে স্থাপত্যিক সংস্কারকাজের মাধ্যমে একটা বিরাট বইয়ের দোকানে রূপান্তর করেন স্থপতিরা। দুনিয়াজুড়েই এখন এ ধরনের স্থাপত্য সংস্কারের কাজ চলছে।
নেদারল্যান্ডসের জোয়েলে নগরে মধ্যযুগের এই গির্জাটিকে স্থাপত্যিক সংস্কারকাজের মাধ্যমে একটা বিরাট বইয়ের দোকানে রূপান্তর করেন স্থপতিরা। দুনিয়াজুড়েই এখন এ ধরনের স্থাপত্য সংস্কারের কাজ চলছে।

২২ বছর বয়সী মার্কিন তরুণ কডি জেমস যেখানে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক ভবনের জন্য পাথর-মূর্তি খোদাই করছেন, সেটা একসময় ছিল এক কুখ্যাত জেলখানার উঠোন। মার্কিন গৃহযুদ্ধের সময় দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের এই কারাগারই এখন জেমসের শ্রেণিকক্ষ, স্টুডিও, পরীক্ষাগার ও প্রদর্শনী হল। উনিশ শতকের এই কারাগারে চালু করা নতুন এক কলেজ হাজার বছরের সনাতনী পেশায় আকৃষ্ট করছে আধুনিক মার্কিন তরুণ-তরুণীদের। রয়টার্স এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

নগর সভ্যতার বিকাশে হাজার বছর ধরে এ পেশা ছিল খুবই গুরুত্বপূর্ণ। রেনেসাঁ আমলের ইউরোপেও এই পেশাজীবীরা ছিলেন খুবই সম্মানিত। আর শুধু ইউরোপই নয় প্রাচীন পারস্য, ভারত ও চীনেও স্থাপত্য ও শিল্পকলার মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পেশাজীবীরা। স্থাপত্যের আধুনিকতায় চাহিদা আর কদর দুটোই হারিয়েছে এই সনাতনী পেশা। কিন্তু এ বিষয়ে স্নাতক ডিগ্রির সুযোগসহ যুক্তরাষ্ট্রের প্রথম কলেজ দেশটিতে এই দৃশ্যপট বদলে ফেলতে শুরু করেছে ইতিমধ্যেই।

একটা ভবনকে শৈল্পিকভাবে সাজিয়ে তুলতে এই শিল্পীদের ভূমিকা অনন্য। পাথর খোদাই, কাঠখোদাই ও দারুশিল্প, পলেস্তারায় অলংকরণ থেকে শুরু করে মেঝে থেকে ছাদ পর্যন্ত ভবনসজ্জার যাবতীয় কাজ করাই এই শিল্পীদের পেশা। ভিন্ন ভিন্ন বিশেষায়িত দক্ষতা থাকলেও এক কথায় তাঁর সবাই ভবন-শিল্পী। এ বিষয়ে উচ্চতর পর্যায়ে আধুনিক শিক্ষার কোনো সুযোগ যুক্তরাষ্ট্রে ছিল না। এক দশক আগে যাত্রা শুরু করা ‘আমেরিকান কলেজ অব বিল্ডিং আর্টস’ বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদানকারী প্রথম ও এখন পর্যন্ত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক তরুণ-তরুণীদের এই সনাতনী পেশায় আকৃষ্ট করা শিক্ষাপ্রতিষ্ঠানটির নবযাত্রার গল্পও বেশ চমকপ্রদ।

‘আমেরিকান কলেজ অব বিল্ডিং আর্টস’ বিষয়ে পাঠদানের লাইসেন্স পায় ২০০৪ সালে। এখন চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি দিচ্ছে কলেজটি। স্থাপত্যিক পাথর খোদাই, ছুতোরের কাজ ও দারুশিল্প, স্থাপত্যিক নির্মাণশৈলী, পলেস্তারায় অলংকরণ ও লোহার কাজের বিষয়ে প্রায়োগিক বিজ্ঞানের পাঠ দেওয়া হয় এই কলেজে।

এক দশকের মাথায় এ কলেজের স্নাতকরা এখন দুনিয়াজুড়ে নানা ঐতিহাসিক ভবন, দুর্গ ও গির্জার সংস্কার ও নবায়ন কাজে নিযুক্ত হচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিল্পকলা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংঘের কাছ থেকে পেশাজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার মর্যাদাও পেয়েছেন এখানকার শিক্ষার্থীরা। কলেজটিতে এখন শিক্ষার্থীর সংখ্যা ৫০।

১৯৮৯ সালে হ্যারিকেন হুগোর কবলে পড়ে চার্লসটন নগরের ঐতিহ্যবাহী ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক দশকেও ওই ভবনগুলোর সংস্কার কাজ করা যায়নি এ ধরনের স্থাপত্যিক কাজে যথাযথ যোগ্যতা সম্পন্ন পেশাজীবীর অভাবে। এই পরিস্থিতিতেই চার্লসটনের মেয়র নগরটিতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। স্থানীয় নগর প্রশাসনের উদ্যোগেই চার্লসটনের পরিত্যক্ত কারাগারটির সংস্কার করে এই কলেজ যাত্রা শুরু করে। চার্লসটনের মেয়র জো রাইলি বলেন, ‘আমেরিকায় আমাদের ঐতিহাসিক সম্পদ রক্ষণাবেক্ষণের সামষ্টিক জ্ঞান হারিয়ে যেতে বসেছিল। এই পরিপ্রেক্ষিতে এই কলেজের যাত্রা একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।’