সন্তরণের যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তরণ আর্ট অর্গানাইজেশনের যুগপূর্তি উৎসব শুরু হয়েছে ৫ মার্চ। এ উপলক্ষে আর্ট গ্যালারিকে ঘিরে নগরের চারুকলা ইনস্টিটিউটে বসেছে সৃজন-মননশীল মানুষের মেলা। আড্ডা, আলাপন আর চিত্রকর্মের নানা বিষয়-আশয় মুখে মুখে ফিরছে তাঁদের। পাঁচ দিনের এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রকৌশলী অধ্যাপক শামসুল ওয়ারেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জসিম উদ্দীন। উৎসবে প্রতিদিন থাকছে বিভিন্ন অনুষ্ঠান আর প্রদর্শনী। তিনটি প্রদর্শনীতে অংশ নিচ্ছেন নবীন-প্রবীণ শিল্পীরা। মাল্টি ডিসিপ্লিনারি আর্ট এক্সিবিশনে অংশ নিয়েছেন শিল্পী অলক রায়, ঢালী আল মামুন, ওয়াকিলুর রহমান, নিলুফার চামান, অশোক কর্মকার, মাহবুবুর রহমান, তৈয়বা বেগম, সৈয়দা ফারহানা, আকতানিন খায়ের, ইয়াসমিন জাহান, জয়দেব রোয়াজা, আবু নাসের, মঞ্জুর আহমদ, বিভোল সাহা, নূর-এ-এলাহী, শহীদুল ইসলাম ও তানজিল ফাতেমা। ‘মুভি ইন আওয়ার লাইফ’ শিরোনামে সিনেমা ব্যানার পেইন্টিংয়ের অপর এক প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী জাহেদ আলী চৌধুরী, আলপ্তগীন তুষার, শায়লা শারমিন, তাসলিমা আকতার, কাজল দেবনাথ, ওসমান পাশা, শতাব্দী সোম, উত্তম তালুকদার, মেহেরুন্নেসা রুমা, সুব্রত দাশ, তাসাদ্দুক হোসেন ও আবদুল হামিদ। উৎসবের তৃতীয় প্রদর্শনীটি হলো বান্দরবান জেলার আলীকদমে সন্তরণ পরিচালিত কল্পপুরি (শিশু মনোবিকাশে শিল্প) এবং হরিৎ (পরিবেশ উন্নয়নে শিল্প) প্রকল্পে অংশগ্রহণকারী ১৬ শিশুশিল্পীর ছবি ও আলোকচিত্র প্রদর্শনী। উৎসবের দ্বিতীয় দিন ছিল শিল্পী ইয়াসমিন কবিরের ফিল্ম প্রেজেন্টেশন ‘এ সারটেইন লিবারেশন’। উৎসবের তৃতীয় দিন ছিল মুক্ত আলোচনা। এতে অংশ নেন শিল্পী ঢালী আল মামুন, শিল্প-সমালোচক মানস চৌধুরী, জিয়াউদ্দীন খান ও সালাহউদ্দীন আহমেদ। উৎসবের শেষ দিন কাল ৯ মার্চ থাকছে ফরহাদ জামানের রবীন্দ্রনাথের ছোটগল্পের আবৃত্তি পরিবেশনা এবং শিল্পী লুভা নাহিদ চৌধুরীর ‘পঞ্চকবির গান’। নাসিম কাওয়ালের সংগীতসন্ধ্যানাসিম কাওয়ালের একক সংগীতসন্ধ্যা সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতজ্ঞ আবদুল গফুর হালী। তিনি বলেন, বাঙালি জাতির সংস্কৃতির অন্যতম ধারা হচ্ছে লোকসংস্কৃতি। এ লোকসংস্কৃতির মধ্যে রয়েছে জারি, সারি, ভাওয়াইয়া, মাইজভান্ডারি, কাওয়ালি ও আঞ্চলিক গান। এসব গান চট্টগ্রামের মানুষদের খুব কাছে টানে। সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগীত মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাওয়াল আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান মাকসুদ আহমেদ।