সন্তান আগে, না ক্যারিয়ার

সন্তান লালন–পালন করতে গিয়ে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক কর্মজীবী নারী। কর্মস্থলে মানসম্পন্ন ডে কেয়ার বা দিবাযত্ন কেন্দ্র পেলে তাঁদের বেশির ভাগই হয়তো পেশাগত জীবন এগিয়ে নিতে পারতেন। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগ কী? বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা রাখছে? সংশ্লিষ্টজনদের কথা শুনেছেন জোহরা শিউলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন আরা পেশায় ব্যাংক কর্মকর্তা ছিলেন। আট বছর আগে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন সন্তানকে দেখে রাখার জন্য। সন্তান জন্মদানের পর শাশুড়িকে ঢাকায় এনেছিলেন। তিনিই দেখে রাখতেন। শাশুড়ির আকস্মিক মৃত্যু হলে গৃহকর্মীর কাছে রেখে যেতেন। কিন্তু ছয় মাসের মধ্যে নানা জটিলতার মুখোমুখি হন তিনি। রওশন আরা বলছিলেন, ‘তখন মনে হয়—সন্তান আগে, না ক্যারিয়ার? স্বাভাবিকভাবেই প্রাধান্য পায় সন্তান। চাকরিটা ছেড়ে দিই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করেও এখন আমি গৃহিণী।’

সন্তান আগে, না ক্যারিয়ার? এই বাস্তবতার মুখোমুখি নারী নিজে যেমন হন, তেমনি পরিবারের অন্য সদস্যরাও মুখোমুখি করেন। সাবেক সরকারি কর্মকর্তা তানিয়া সুলতানার অভিজ্ঞতাটা তেমনই। তাঁর ছিল বদলির চাকরি। দুই সন্তানকে মায়ের কাছে রেখে অফিস করতেন। কিন্তু প্রায়ই অসুস্থ থাকত ছোট সন্তান। একা সামাল দিতে পারতেন না তাঁর মা। তানিয়া সুলতানা বলেন, ‘ছুটি নিয়ে তখন বাচ্চার পাশে থাকতাম। মা এবং স্বামীর চোখেমুখে প্রায়ই প্রকাশ পেত, চাকরি করা কি আমার এত জরুরি? বারবার এত প্রশ্নের মুখোমুখি আর সংসারের শান্তির জন্য চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। আমার সন্তানকে নিরাপদে রেখে যাওয়ার জায়গাটুকু পেলে কর্মক্ষেত্র থেকে সরে আসতে হতো না।’

কর্মস্থলে দিবাযত্ন কেন্দ্রের সুবিধা পেলে নারীরা নিশ্চিন্তে পেশাগত কাজ করতে পারেন
ফাইল ছবি

সন্তানকে নিরাপদে রেখে নিশ্চিন্তে কাজ করবেন মা, এমন কোনো আন্তরিক উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়েও নেই। তাই অনেক নারী কর্মক্ষেত্র থেকে সরে আসা ছাড়া সমাধানের পথ পাচ্ছেন না। এমনও হচ্ছে, চাকরি ছাড়ার দুশ্চিন্তায় ঢাকা পড়ে যাচ্ছে সন্তান জন্মদানের আনন্দ। তেমনি একজন মৌমিতা খানম। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি। চিকিৎসক জানিয়েছেন, মাস দুয়েক পর মা হতে যাচ্ছেন মৌমিতা। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনায় তালিকায় রেখেছেন নিজের চাকরি ছাড়ার বিষয়টিও। কারণ, শিশুকে দেখাশোনার জন্য তাঁর পাশে কেউ থাকবে না। মৌমিতা বলেন, ‘এ মুহূর্তে আমার মনে হচ্ছে যদি মানসম্পন্ন ডে-কেয়ার থাকত, তাহলে সেখানে সন্তানকে রেখে ঠিকমতো চাকরি করতে পারতাম। প্রথমেই কর্মক্ষেত্র থেকে সরে আসার চিন্তা আমাকে করতে হতো না।’

যে মায়েরা সন্তান প্রতিপালনের জন্য কর্মক্ষেত্র থেকে সরে এসেছেন, সবার মতামত ছিল, ‘যদি ভালো মানের দিবাযত্নকেন্দ্র থাকত, চাকরি ছেড়ে আমাদের চলে আসতে হতো না।’ এই ভালো মানের দিবাযত্নকেন্দ্র তৈরির উদ্যোগ কি রাষ্ট্রের পরিকল্পনায় আছে? জাতীয়ভাবে এই সমস্যার সমাধান কেমন হতে পারে? এ বিষয়ে বেসরকারি সংস্থা কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংসদ শিরিন আখতারের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেন, ‘আমাদের সামাজিক-পারিবারিক কাঠামোতে দেখি সন্তান প্রতিপালনের পুরো প্রক্রিয়া মায়ের কাঁধে দিয়ে দেওয়া হয়। কিন্তু সন্তান দেখভালের চিন্তা শুধু তো মায়ের একার নয়। একটি শিশু যেন সঠিকভাবে বিকাশপ্রাপ্ত হয়ে বড় হতে পারে এটা পরিবারের, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব। প্রতিটি কর্মস্থলের সঙ্গে সঙ্গে মহল্লাকেন্দ্রিক মানসম্মত দিবাযত্নকেন্দ্র জরুরি। সরকারি-বেসরকারি, দুইভাবেই এই উদ্যোগ নিতে হবে। আমাদের শ্রম আইনে প্রতিটি প্রতিষ্ঠানে দিবাযত্নকেন্দ্র প্রতিষ্ঠা করার কথা আছে। শুধু শ্রম আইনে না রেখে জাতীয়ভাবে এই সমস্যার মোকাবিলা করার উদ্যোগ নেওয়ার এখনই সময়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন এটা জরুরি ভিত্তিতে উদ্যোগ নেবে, বেসরকারিভাবেও নীতিমালা মেনে সমাধানের দিকে হাঁটতে হবে। সমস্যাটা ব্যক্তিগত নয়, জাতীয়—এটা মাথায় রেখে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।’

প্রাতিষ্ঠানিক উদ্যোগে দিবাযত্নকেন্দ্র থাকলে কর্মজীবী মায়েদের সমস্যার সমাধান হয় অনেকাংশে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘দোলনা’ নামে এমন একটি দিবাযত্নকেন্দ্র আছে, যেখানে কর্মজীবী মা-বাবা প্রশিক্ষিত ব্যক্তির কাছে সন্তানকে রেখে কাজ করতে পারেন। ‘এই একটি উদ্যোগের কারণে আমাদের প্রতিষ্ঠানে অনেক নারী কাজ করতে আগ্রহী হন। শুধু সন্তানকে নিরাপদে রাখার জন্য, যাঁরা ব্র্যাকে কর্মরত আছেন, তেমন মায়েদের চোখেমুখে আমরাও দেখতে পাই স্বস্তি। কাজের ফাঁকে সন্তানকে দুধ পান করাচ্ছেন, একটু করে দেখে আসছেন। মা-সন্তানের বন্ধন দেখতে পাই চমৎকার। এতে করে প্রতিষ্ঠান কিন্তু তার কর্মীর কাছ থেকে শতভাগ গুণগত কাজই পাচ্ছে। মায়েরা নিশ্চিন্তে কাজ করেন, আর সন্তানের শারীরিক-মানসিক বিকাশ হচ্ছে সুস্থভাবে,’ বললেন ব্র্যাকের মানবসম্পদ বিভাগের পরিচালক মারিয়া হক।

রাজধানীর নিকেতনে একটি মানসম্পন্ন দিবাযত্নকেন্দ্রে নিজের সন্তানকে রেখে করপোরেট অফিসে কাজ করছেন ফাহমিদা আক্তার। দিবাযত্নকেন্দ্রটি তাঁর সন্তানকে যে সেবা দিচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট। ফাহমিদা বলছিলেন, ‘দিবাযত্নকেন্দ্রটি না থাকলে আমাকেও চাকরি থেকে সরে আসতে হতো। গৃহকর্মীর কাছে অনিরাপদে রাখার চেয়ে এখন আমি জানি আমার মেয়ে প্রশিক্ষিত ব্যক্তি দ্বারা মানসিক এবং শারীরিকভাবে বিকাশপ্রাপ্ত হচ্ছে। এখন সে সঠিক পুষ্টি পাচ্ছে, ওর সব ছড়া মুখস্থ, সঙ্গীদের সঙ্গে হেসেখেলে বড় হচ্ছে। এমন নিরাপদ ও সুস্থ পরিবেশে সন্তানকে রাখতে পারলে মায়েদের কাজে মন দিতেও সমস্যা হয় না।’

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশে এই সুবিধা পাচ্ছেন কয়জন?