সন্তান কোচিংয়ে প্রতীক্ষায় মায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ এলাকার বাসিন্দা হাসিনা আক্তার। ছেলে পঞ্চম শ্রেণীতে আর মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। একজন প্রাথমিক শিক্ষা সমাপনী ও আরেকজন জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জামালখানের একটি কোচিং সেন্টারে তাদের ভর্তি করিয়ে দিয়েছেন মা হাসিনা। প্রতিদিন বিকেলে ছেলেমেয়েদের কোচিংক্লাস শেষ না হওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হয়। দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা পপি সাহা তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নগরের হেমসেন লেইনের একটি কোচিং সেন্টারে ভর্তি করিয়েছেন। মেয়েকে কোচিং সেন্টারে দিয়ে তিনিও প্রতিদিন অপেক্ষা করেন রাস্তার ধারে যাত্রীছাউনিতে।হাসিনা আক্তার কিংবা পপি সাহার মতো বহু মা সন্তানদের নিয়ে প্রতিদিন নগরের নানা কোচিং সেন্টারে আসেন। পরীক্ষায় সন্তানেরা ভালো ফল করবে, সুযোগ পাবে নামী বিদ্যালয়ে, এমন স্বপ্ন নিয়ে আসেন তাঁরা। সন্তানদের কোচিং সেন্টারে পাঠিয়ে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে খোলা রাস্তায় অপেক্ষা করেন ঘণ্টার পর ঘণ্টা। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বিভিন্ন কোচিং সেন্টারে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কোচিং করানো হয়। ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও পরীক্ষায় ভালো ফলাফলের নিশ্চয়তাও দিয়ে থাকে এসব কোচিং সেন্টার। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মায়েরা প্রতিদিন শত ব্যস্ততার মধ্যেও খোলা রাস্তায় ‘অপেক্ষা’ নামক বিড়ম্বনা সহ্য করেন।গত বুধবার বিকেলে হেমসেন লেইন, জে এম সেন হল, চকবাজার, কাতালগঞ্জ, জামালখান, দেওয়ানহাট, চৌমুহনীসহ নগরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কোচিং সেন্টারের পাশে অপেক্ষমাণ বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হয়। কথায় কথায় তাঁরা জানালেন, সন্তানদের পাহাড়সমান সিলেবাস শেষ করা ও মানসম্পন্ন বিদ্যালয়ে ভর্তি করাতেই মূলত এমন কষ্ট স্বীকার করছেন। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়গুলোতে ঠিকমতো পড়ানো হয় না। শিক্ষকেরা সময়মতো সিলেবাস শেষ করলে ও শিক্ষার্থীদের দেখভাল করলে কোচিং সেন্টারে আসতে হতো না। প্রতিদিনের দুর্ভোগের কথা বলতে গিয়ে পপি সাহা জানান, দেওয়ানহাটের একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন তিনি। কলেজ ছুটির পর জামালখানের সেন্ট মেরিস স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় যেতে হয়। বাসার কাজ ও খাওয়া-দাওয়া সেরে মেয়েকে নিয়ে কোচিংয়ে আসতে হয়। সপ্তাহের চার থেকে পাঁচ দিনই তাঁকে প্রায় তিন ঘণ্টা মেয়ের কোচিংয়ের জন্য সময় দিতে হয়। পপি বলেন, ‘আমার সাড়ে তিন বছরের আরেকটি বাচ্চা আছে। তাকেও সময় দিতে হয়। নিজের অবসর বলতে কিছুই নেই।’ সরেজমিনে দেখা গেছে, সাধারণত সন্তানকে কোচিং সেন্টারে আনা-নেওয়ার কাজটি করেন মায়েরাই। কোচিং সেন্টারে সন্তানকে পড়তে দিয়ে সড়কের পাশে অথবা খালি থাকা কোনো শ্রেণীকক্ষে গল্পগুজব করে সময় কাটে তাঁদের। এসব মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, সামনে পিএসসি এবং জেএসসি পরীক্ষা। সন্তানদের প্রস্তুতির জন্য তাই পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং সেন্টারে নিয়ে আসছেন তাঁরা। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত পড়ার চাপ ও পাসের হার কম হওয়ায় বাধ্য হয়ে সন্তানকে কোচিং সেন্টারে পড়াতে হচ্ছে বলে তাঁরা জানান। জানা গেছে, বিভিন্ন কোচিং সেন্টারে সপ্তাহে তিন থেকে ছয় দিন পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের ব্যাচ করে পড়ানো হয়। প্রতিটি ব্যাচে কমপক্ষে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী থাকে। এসব কোচিং সেন্টারে সকাল সাতটা থেকে ক্লাস শুরু হয়। দফায় দফায় ছেলেমেয়েরা পড়তে আসে। কোচিং পর্ব শেষ হয় রাত নয়টার দিকে। গড়ে মাসিক কোচিং ফি ৭০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত।এই নিয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে জানান, এখন প্রতিযোগিতার যুগ। সব অভিভাবকই চান তাঁর সন্তান সবার চেয়ে এগিয়ে থাকুক। বিদ্যালয়ে ৪৫ থেকে ৫০ মিনিট সময়ে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেওয়া সম্ভব হয় না শিক্ষকের পক্ষে। হয়তো সে কারণেই শিশুদের কোচিং এ নিয়ে যাচ্ছেন মায়েরা। তবে তিনি শিক্ষার্থীদের কোচিং সেন্টারে ভর্তি না করানোর পরামর্শ দেন। অভিভাবকদের উদ্দেশে তিনি জানান, তাঁদের উচিত বিদ্যালয়ের দেওয়া প্রতিদিনের পড়াগুলো বাসায় সমাধান করে দেওয়া। এতে ওই শিশুটির ওপরেও পড়ার চাপ কম পড়বে। কোচিং সেন্টারগুলোর ওপর নির্ভর না করে বাসায় সঠিক দেখভাল করলেই ভালো ফলাফল অর্জন সম্ভব।