সন্তান জন্ম দিলে হোটেল ভাড়া ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলে থাকাকালে গর্ভধারণ হলে সেখানকার ভাড়া ফেরত পাবেন অতিথি দম্পতি। ইতালির আসিসি শহরের একটি হোটেল কর্তৃপক্ষ এই বন্দোবস্ত করেছে। অতিথি দম্পতিকে সন্তানের জন্মসনদ দেখিয়ে প্রমাণ করতে হবে, আসিসির ওই হোটেলে অবস্থানের নয় মাসের মধ্যে শিশুটির জন্ম হয়েছিল। তাহলেই তাঁরা সেখানে ভবিষ্যতে বিনা পয়সায় থাকতে পারবেন অথবা আগের খরচটা ফেরত পাবেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে ইতালিতে জন্মহার সবচেয়ে কম। বিশ্বে সর্বনিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যেও নাম আছে ইতালির। সেখানে সন্তান জন্মদানে দম্পতিদের উৎসাহিত করতে আসিসির হোটেল কর্তৃপক্ষ ‘ফার্টিলিটি রুম’ প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয় পর্যটন কর্মকর্তা ইউজেনিও গুয়ারদুচ্চি এই উদ্যোগের মূলে রয়েছেন। তিনি গত শুক্রবার বলেন, একটা সন্তান অত্যন্ত ভালোবাসার ফসল। জীবনের অনেক প্রতিকূলতার মধ্যেও এই প্রক্রিয়াকে উৎসাহিত করতে হবে।
তবে স্থানীয় কর্তৃপক্ষের একটি অংশ এ উদ্যোগের বিরোধিতা করেছে। নগর পরিষদের সদস্য ক্লদিও রিচ্চি বলেন, আসিসির ভাবমূর্তি এবং আঞ্চলিক প্রচারের জন্য হোটেলটির ওই বন্দোবস্ত উপযুক্ত কি না, সেটা তিনি যাচাই করে দেখবেন।
সন্ত ফ্রান্সিসের জন্মশহর আসিসি মধ্যযুগীয় বিভিন্ন নিদর্শনের জন্য খ্যাত। ওই হোটেল কর্তৃপক্ষ সেখানে পর্যটকদের আনাগোনা বাড়াতে চায়। ইতালিতে ২০১৫ সালে প্রতি এক হাজার বাসিন্দার মধ্যে নবজাতকের সংখ্যা ছিল মাত্র আট।