সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক কাঠামোর পরিবর্তন হচ্ছে। যৌথ থেকে একক বা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে পরিবার। কোনো কোনো পরিবারে সন্তান সংখ্যা মাত্র একটি। একটি সন্তান থাকলে মা-বাবার সব মনোযোগ যেমন তার ওপর পড়ে, সে যেমন বেশি যত্ন পায়, তেমনি বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একাকী বেড়ে ওঠা শিশু কখনো কখনো কিছু মনঃসামাজিক সমস্যার মুখোমুখি হতে পারে। যেমন খিটখিটে মেজাজ, চট করে রেগে যাওয়া, বিষণ্নতা, হিস্টিরিয়া ইত্যাদি। অবশ্য এটা কখনোই মনে করা উচিত নয় যে সব একক শিশু এ সমস্যায় আক্রান্ত হবে।একটি শিশুর বেড়ে ওঠার পেছনে মা-বাবার পাশাপাশি ভাইবোনেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি কোনো শিশুর ভাইবোন না থাকে, তবে তার মনঃসামাজিক বিকাশ স্বাভাবিক রাখতে পরিবারের অন্য সবার, বিশেষ করে মা-বাবাদের বাড়তি কিছু করণীয় থাকে। পরিবারের প্রত্যেক সদস্যই (বাবা, মা, দাদা, দাদি বা অন্যান্য) শিশুটির ভালো বন্ধু হবেন। শিশু যেন মন খুলে তার কথাগুলো অন্য সদস্যদের বলতে পারে, তার সুযোগ তৈরি করুন। শিশুর বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতদ্বৈততা পরিহার করুন, পারিবারিক সম্প্রীতি বজায় রাখুন। শিশুর যত্ন তো নেবেনই, কিন্তু অতিরিক্ত অযৌক্তিক যত্ন, অপ্রয়োজনীয় মনোযোগ বা বেশি নজরদারি এড়িয়ে চলুন। লক্ষ রাখুন, শিশু আপনার যত্ন ও নজরদারিকে কীভাবে দেখছে। তাকে স্বাধীনভাবে বেড়ে উঠতে দিন, খুব বেশি আগলে রাখবেন না। সমবয়সী বন্ধু, প্রতিবেশী বা সহপাঠীদের সঙ্গে মিশতে উৎসাহী করুন। শিশুর সামনে তার বন্ধুদের সম্পর্কে কটূক্তি করবেন না। সামাজিকতা বাড়ান, পারিবারিক সম্মিলনী ও সামাজিক অনুষ্ঠানে শিশুর অংশগ্রহণ নিশ্চিত করুন। সমবয়সী শিশু রয়েছে, এমন পরিচিত বা স্বজনের বাড়িতে শিশুকে নিয়ে বেড়াতে যান। শিশুকে গুণগত সময় দিন, পাশে বসে চার ঘণ্টা টেলিভিশন দেখার চেয়ে তার সঙ্গে এক ঘণ্টা খেলুন, কথা বলুন। সপ্তাহে নিয়ম করে এক দিন পরিবারের সব সদস্য মিলে বাইরে থেকে ঘুরে আসুন। শিশুকে বই পড়তে দিন, তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহী করুন। একা একা খেলা যায়, এমন খেলা যেমন: ভিডিও গেম, লোগো, নিনটেনডো ইত্যাদির বদলে অনেকে মিলে খেলা যায়, এমন খেলা যেমন: মনোপলি, দাবা, লুডু, ক্যারম ইত্যাদি খেলতে উৎসাহী করুন। শিশু বড় হতে থাকলে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত শুনুন, যৌক্তিক হলে গ্রহণ করুন।শিশুর আচরণ ও চিন্তাধারার দিকে লক্ষ রাখুন। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। লেখক: মনোরোগ চিকিৎসক