সন্তানকে দায়িত্ববোধ শেখাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা দুজনেই কর্মজীবী হলে সন্তানেরা ‘মানুষ’ হয় না, বিশেষ করে মা যদি হন কর্মজীবী—সমাজে এমন কথা শোনা যায় প্রায়ই। আসলে কি তাই? সামনে মা দিবস। অধুনার বিশেষ আয়োজনে থাকছে এমন তিনজন কর্মজীবী মায়ের কথা—যাঁদের সন্তানেরা মেধার স্বাক্ষর রাখছেন দেশে ও বিদেশে।
লিখেছেন তৌহিদা শিরোপা

সোনিয়া রহমান ও তাঁর মেয়ে রুবাইয়া রুম্মান। ছবি: খালেদ সরকার
সোনিয়া রহমান ও তাঁর মেয়ে রুবাইয়া রুম্মান। ছবি: খালেদ সরকার

মেয়ের এসএসসি পরীক্ষা চলছে। কিন্তু মাকে যেতে হবে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে। মনে দোটানা, দ্বিধা। কোনটাকে গুরুত্ব দেবেন, সন্তান নাকি নিজের কাজকে। মা নিজের দায়িত্বকে বেছে নিলেন। এমন কঠিন সময় খুব কম এসেছে সোনিয়া রহমানের জীবনে। তিনি বলেন, ‘যদিও সে সময় বাড়িতে ওর বাবা, আমার মা ছিল। তবুও মেয়ের পরীক্ষার সময় মা না থাকলে চলে? কিছু করার ছিল না তখন।’
সোনিয়া রহমানের মেয়ে রুবাইয়া রুম্মান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগে শেষ বর্ষে পড়ছেন। রুবাইয়া এখন পর্যন্ত তাঁর ক্লাসে সেরা নম্বরের অধিকারী। শুধু লেখাপড়া নয়, তিনি ভালো গানও গান। ছায়ানটে গান শেখেন তিনি।
সোনিয়া রহমান মনে করেন, কর্মজীবী নারীরা নিজেরা অনেক নিয়মের মধ্যে চলেন। ফলে সন্তানদের মধ্যে সেই প্রভাব পড়ে। তারাও শিখে যায় কীভাবে নিয়মের মধ্যে চলতে হয়। সময়ের কাজ সময়ে করতে হয়।
সন্তানের ভালো ফলাফলের জন্য কর্মজীবী মায়েদের কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? সোনিয়া রহমান বলেন, ‘সন্তানকে দায়িত্ববোধ শেখানো। এটি খুব প্রয়োজন। সারাক্ষণ তো সন্তানের পেছনে পেছনে থাকা সম্ভব নয়। অনেক ছেলেমেয়ে ছোটবেলায় ভালো ফল করে, কিন্তু বড় হয়ে সেটি ধরে রাখতে পারে না। এর অন্যতম একটা কারণ, দায়িত্ববোধের অভাব। সন্তানের ওপর সব কিছু চাপিয়ে দেওয়া যাবে না। এতে হিতে বিপরীত হয়।
সোনিয়া জানালেন, একবার কাজের ব্যস্ততা ছিল। ভুল রুটিন দেখে পড়িয়েছিলাম মেয়েকে। তখন পরীক্ষার হল থেকে মেয়ে কাঁদতে কাঁদতে বের হয়েছিল। তখন মেয়েই বলেছিল, আমিও এখন থেকে ঠিকভাবে রুটিন দেখব।
সোনিয়া রহমানের মতে, কর্মজীবী মায়েদের মনে হতাশা কম থাকে। নিজের কাজ নিয়ে তাঁরা সন্তুষ্ট থাকেন। আর মায়ের মনে সন্তুষ্টি থাকলে, সন্তানেরাও সঠিকভাবে বেড়ে ওঠে। কর্মজীবী মায়েরা নিজে চারপাশ দেখার সুযোগ পান। নানা বিষয়ে তাঁরা জানেন। ফলে সন্তানদেরও সহজে তা জানাতে পারেন। এটি অনেক বড় সুবিধা। মায়ের চোখ দিয়ে বাইরের জগৎ দেখে সন্তানেরা।
এই মায়ের চাওয়া—সন্তানেরা দেশে থাকুক, দেশের জন্য কাজ করুক।

 সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা