সন্তানকে মুঠোফোন না দিতে মায়েদের শপথ!
জেএসসি পরীক্ষায় শতভাগ পাস ও ভালো ফলাফল নিশ্চিত করতে মা সমাবেশের আয়োজন করেছে উখিয়ার ভালুকিয়া পালং উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ মে দুপুর ১২টায় ব্যতিক্রমী এই সভায় অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দেড় শ জন শিক্ষার্থীর মা। এই সময় সন্তানদের মুঠোফোন ব্যবহার থেকে বিরত রাখতে এবং সন্ধ্যায় পড়ার টেবিলে বসাতে বিদ্যালয় কর্তৃপক্ষ মায়েদের শপথ করান।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল মনছুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ডলি আক্তার, রোকেয়া বেগম ও রাবেয়া বেগম। তাঁরা বলেন, আগামী দিনে জেএসসি পরীক্ষায় ভালুকিয়া পালং উচ্চবিদ্যালয়ের শতভাগ পাস নিশ্চিত করতে হবে। এ জন্য মায়েরা সন্তানদের লেখাপড়ার দিকটায় বেশি গুরুত্ব দেবেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহ জালাল চৌধুরী। তিনি বলেন, ৃঅভিভাবকদের সঠিক তদারকির অভাবে ছেলেমেয়েরা পড়ালেখায় পিছিয়ে পড়ে। পাশাপাশি নৈতিকতারও অবক্ষয় ঘটে। এ ক্ষেত্রে মায়েদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে কোনোভাবেই মুঠোফোন না দেওয়ার জন্য উপস্থিত মায়েদের শপথ করান।শুরুতে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সূচনা বক্তব্য দেন প্রধান শিক্ষক লিয়াকত আলী। সমাবেশে বক্তব্য দেন, সেলিম রেজা, রতন কান্তি দে, গফুর মিয়া চৌধুরী প্রমুখ।