সন্তানকেও যথেষ্ট সময় দিতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতি হাতরাতে গিয়ে মনের মধ্যে ক্ষণে ক্ষণে রোদ-বৃষ্টি খেলা করছে। কত হারিয়ে যাওয়া স্মৃতি মনের কোণে ভিড় করছে। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। পরিবারের সবাই ছিলেন প্রগতিশীল চিন্তাধারার মানুষ। আমিও স্কুলে থাকাকালীন ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত হই। পরবর্তী সময়ে একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে যাই, যার সঙ্গে এখনো আছি। এই সংগঠন করতে গিয়ে একজন শিল্পী সংগঠকের সঙ্গে পরিচয়, ভালো লাগা, পরে পারিবারিক সম্মতিতে বিয়ে।
জীবনের লড়াই শুরু হয় বিয়ের পর। স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তখন আয় ছিল কম। মা, ভাইয়ের পড়াশোনাসহ পুরো পরিবারের দায়িত্ব ছিল তাঁর ওপর। এই আয় দিয়ে সংসার চালানো ছিল খুব কষ্টসাধ্য ব্যাপার। আয় কীভাবে বাড়ানো যায় এই চিন্তা তখন দুজনের মাথায়। এই চিন্তা থেকে হন্যে হয়ে চাকরি খোঁজা শুরু করি। একটা বেসরকারি সংস্থায় চাকরি হয়।
সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হতো। পরিবারকে দাঁড় করানোর জন্য দুজনে মিলে পরিশ্রম করতে থাকি। বিয়ের পাঁচ বছর পর ঘর আলো করে নতুন অতিথি আসে। চাকরি, সংসার সামলে ইচ্ছে করলেও বাচ্চাকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব হতো না। সকালে শাশুড়ির কাছে বাচ্চা রেখে সন্ধ্যায় বাসায় ফেরা হতো। একটা বাচ্চা যে বয়সে মায়ের সান্নিধ্যে বড় হওয়ার কথা, তখন তাকে দাদু-কাজের লোকের কাছে সারা দিন থাকতে হয়। পারিবারিক প্রয়োজনে চাকরি চালিয়ে যেতে হয়। এমনও সময় গেছে বাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালে অথচ আমাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়েছে।
ইতিমধ্যে ভালো কাজের জন্য চাকরিতে দুটি পদোন্নতি হয় আমার। স্বামীরও সরকারি ব্যাংকে চাকরি হয়। পরিবারে আর্থিক সচ্ছলতা আসে। বর্তমানে আমি দুই কন্যার গর্বিত মা। মেয়েরা দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে চাকরি করার পর কিছুদিন হলো স্বেচ্ছায় চাকরি ছেড়ে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।