সন্তানদের উচ্চশিক্ষা দিতে চান আতাহার

আতাহার আলী পেশায় একজন ফেব্রিকেটর। কাজ করেন সংযুক্ত আরব আমিরাতে। তাঁর কোম্পানির নাম প্রটেক। এদের নির্মিত তেলের ভেসেল ও ট্যাংকার ব্যবহূত হচ্ছে পৃথিবীর বিভিন্ন অয়েল বা গ্যাস ফিল্ডে। আমেরিকার বিজে কোম্পানির মাধ্যমে কার্যাদেশ নেয় এই কোম্পানি। তারপর সেসব বিভিন্ন দেশে চালান হয়ে যায। বাংলাদেশেও গেছে তাদের প্রস্তুত করা তেলের ট্যাংক। এ পণ্য কিনেছে পেট্রোবাংলা। এ ছাড়া সৌদি আরব, কাতার, নাইজেরিয়া পাকিস্তানসহ অন্যান্য দেশে যায় এ কোম্পানির নির্মিত ভেসেল।
উনিশ বছর ধরে আতহার এই কোম্পানিতে আছেন। তিনি হেলপার হয়ে কাজ শুরু করেন। আজ তিনি ফেব্রিকেটর। প্রাপ্ত বেতনে সন্তুষ্ট। তবে ভিন দেশীয় বলে বৈষম্যের শিকার তিনি। তা না হলে বেতন হতে পারত এখনকার অঙ্কের দ্বিগুণ।

জন গ্লিটিন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। জাতে ব্রিটিশ। ছয় মাসে তিনি একবার আসেন। আতাহারের কাজে তাঁর ফোরম্যান ভারতীয় এক মালবারি। আতাহার দুঃখের সঙ্গে জানালেন, তাঁর কাজের সঠিক মূল্যায়ন হয়নি।
চার সন্তানের জনক আতাহার। তাঁর বড় দুই সন্তান মেয়ে। তারা যথাক্রমে জেএসসি ও পিএসসির শিক্ষার্থী। ছোট দুই সন্তান যমজ। তাঁকে জিজ্ঞেস করলাম, কত দিন আমিরাতে থাকার পরিকল্পনা। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাইলে এখনই ফিরতে পারেন। তবে সন্তানদের জন্য আরও কিছুদিন থাকবেন। তাদের পড়াশোনার ভবিষ্যত্ ভেবে কাজ করে যাচ্ছেন। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান। আলাপে বুঝলাম, শিক্ষার জন্য তাঁর আছে সর্বোচ্চ ছাড়।
আতাহার আলী মনোহরদী উপজেলায় তিন কাঠা জায়গা কিনেছেন। তিনি নিজের পৈতৃক ভিটাতে করেছেন ঘরদরজা। তার লেখাপড়া সম্পর্কে জানতে চাইলাম আমি। বললেন, ইন্টারমিডিয়েট শেষ করতে পারেননি। গাজীপুর জেলার খাগুটিয়া গ্রামের সন্তান।
আমার সঙ্গে কথা বলা শেষ করে তিনি একটি ট্যাংকের মাপজোক নেওয়া শুরু করলেন। সেটা তিনি নিশ্চিত করে নিলেন। ফেব্রিকেশন বা ট্যাংক নির্মাণে মাপটা ঠিক ঠিক নিতে হয়।
নিজের জীবনের মাপজোখটাও তার অনুরূপ আছে বলে মনে হলো। সংসার পরিচালনা এবং এর আয়-ব্যয় সবই যেন একটি অঙ্কের নিয়মে চলছে। তাঁর সাফল্য কামনা করে বিদায় নিলাম।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত