সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক-সংকট প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনো কোনো বিষয়ে শ্রেণীর কাজ চলে এক সপ্তাহ পর একবার। এ অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। কলেজ সূত্র ও শিক্ষার্থীরা জানান, কলেজে বিভিন্ন বিভাগে ৪১টি শিক্ষকের পদের মধ্যে ২১টিই বর্তমানে শূন্য। দীর্ঘদিন ধরে ইতিহাস ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে এ দুটি বিভাগে শিক্ষাকার্যক্রম অচল হয়ে পড়েছে। এ ছাড়া, ইংরেজি বিভাগে তিনজন শিক্ষকের মধ্যে একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনজনের মধ্যে একজন, দর্শন বিভাগে তিনজনের একজন, সমাজকল্যাণে তিনজনের মধ্যে একজন, পদার্থবিজ্ঞানে তিনজনের একজন, বাংলা বিভাগে তিনজনের মধ্যে দুজন, রসায়ন বিভাগে তিনজনের মধ্যে একজন, হিসাববিজ্ঞান বিভাগে দুজনের মধ্যে একজন, অর্থনীতিতে দুজনের মধ্যে একজন, ব্যবস্থাপনায় দুজনের মধ্যে একজন, ইসলামের ইতিহাস বিভাগে তিনজনের মধ্যে দুজন, গণিত বিভাগে দুজনের মধ্যে একজন ও প্রাণিবিদ্যা বিভাগে দুজনের মধ্যে একজন শিক্ষক কর্মরত আছেন। এ ছাড়া ডেমোনেসট্রেটর (সহায়ক) পদে তিনজনের মধ্যে একজন ও কার্যালয় সহকারী পদে তিনজনের মধ্যে একজন কর্মরত। গ্রন্থাগারিক ও প্রধান সহকারী পদটি শুরু থেকে শূন্য রয়েছে। এসব পদ দীর্ঘদিন শূন্য থাকায় কলেজের শিক্ষা ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে চালানো যাচ্ছে না। কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার, দ্বিতীয় বর্ষের ইমাম হোসেন ও প্রথম বর্ষের শরীফ উল্যাহ জানান, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় তাঁদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ইংরেজি বিভাগে নিয়মিত ক্লাস হয় না। শ্রেণীর কাজ এক সপ্তাহ পর পর বন্ধ থাকে। ফলে পাঠ্যসূচি শেষ করা যাচ্ছে না। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেন না। তাঁরা এ সব ব্যাপারে তেমন গুরুত্বই দিতে চান না। এ বিষয়ে অধ্যক্ষকে বলেও কোনো কাজ হয় না। কলেজের দুজন শিক্ষার্থীর অভিভাবক মোশাররফ হোসেন ও শরীয়ত উল্যাহ বলেন, ‘উপজেলার একমাত্র সরকারি কলেজ হওয়ায় আমরা অনেক আগ্রহ নিয়ে সন্তানদের এ কলেজে ভর্তি করি। কিন্তু অনেক বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত।’ কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন সরকার প্রথম আলোকে জানান, শিক্ষকের শূন্য পদগুলো পূরণের জন্য ডিজির (মহাপরিচালক) কাছে একাধিকবার চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘অনেক বিষয়ে শিক্ষক না থাকায় বাধ্য হয়ে আমাকেও দাপ্তরিক কাজ বাদ দিয়ে ক্লাস নিতে হয়।’