সন্তানদের সঙ্গে মা-বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার তাগিদ
উন্নয়ন সংস্থা উৎসর উদ্যোগে ও ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় নগরের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বয়ঃসন্ধিকাল ও কৈশোর, কৈশোরের ঝুঁকি, স্বাস্থ্য ও পুষ্টি, মানসিক পরিবর্তন এবং বাবা-মায়ের করণীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।
আলোচনায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উৎসর প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ শাহ আলম, প্রকল্প কর্মকর্তা নাদিরা সুলতানা ও কাউন্সেলর রীপা পালিত।
সভায় উৎসর কর্মকর্তারা সাম্প্রতিক কালে দেশে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি হামলায় যুবদের জড়িয়ে পড়ার উদাহরণ তুলে ধরেন অভিভাবকদের সামনে। সভায় তাঁরা বলেন, সন্তানকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পরিবারে স্নেহ-মমতা, বিশ্বাস ও নির্ভরশীলতার পরিবেশ তৈরি করতে হবে। সভায় ২৫ জন অভিভাবক অংশ নেন। বিজ্ঞপ্তি।