সন্তানহারা বাবার পাশে...
নিজের নাম-ঠিকানা গোপন রেখে এক নারী চিকিৎসক ২৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন সন্তানহারা বাবাকে। এক লাখ টাকা ঋণ নিয়ে মুক্তির জন্য অপহরণকারীদের দিয়েছিলেন শিশুটির বাবা। কিন্তু বুকের ধন আর ফেরেনি।
গত শনিবার ‘খুনের স্মৃতি তাড়া করে ফিরছিল তাঁকে’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি পড়ে শিশুটির বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেন ওই নারী চিকিৎসক।
২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে স্কুলছাত্র মোহাম্মদ সাগরকে (১৪) অপহরণ করে চন্দনাইশের একটি ধানখেতে নিয়ে হত্যা করে অপহরণকারীরা। পেশায় নির্মাণশ্রমিক শিশুটির বাবা মোহাম্মদ আকবর এক লাখ টাকা ঋণ নিয়ে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেন। কিন্তু ছেলের সন্ধান পাননি। ঘটনার দুই বছর পর মোহাম্মদ আকিব নামের এক আসামি পুলিশে ধরা দিলে এ খুনের রহস্য উন্মোচিত হয়।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি দেখে গত শনিবার রাতে নিজেকে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক জানিয়ে এই প্রতিবেদকের কাছে ফোন করে শিশুটির বাবা আকবরের মুঠোফোন নম্বর নেন এক নারী। পরদিন শিশুটির বাবাকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন তিনি। তবে ওই নারী চিকিৎসক নিজের নাম-ঠিকানা ও পরিচয় গোপন রাখতে এই প্রতিবেদককে অনুরোধ করেন।
শিশুটির বাবা মোহাম্মদ আকবর প্রথম আলোকে বলেন, ‘এক ম্যাডাম প্রথম আলোয় খবর পড়ে ফোন করে কত টাকা ঋণ নিয়েছি জানতে চেয়েছেন। এক লাখ টাকার মধ্যে এখনো ৮০ হাজার টাকা শোধ করা হয়নি জানানো হয়। পরে তিনি বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দেন। ওই টাকা পাওয়ার পর পাওনাদারকে দিয়ে দিয়েছি।’