সন্তানের ওপর বিখ্যাত মা-বাবার প্রভাব
যেকোনো সন্তানের জন্যই তার মা-বাবা আদর্শ। মা-বাবার প্রতিটি ব্যাপারই তার জন্য অনুকরণীয়। পরিবার থেকে প্রথমে যে শিক্ষাটা পায়, তা-ই সে সামাজিকভাবে কাজে লাগায়। খ্যাতিমান বাবা বা মায়ের সন্তানের ক্ষেত্রেও এটা কিছু ভিন্ন নয়। আর বাকি দশটা সাধারণ পরিবারের চেয়ে এই সন্তানদের অবস্থান কিছুটা হলেও ভিন্ন। স্বাভাবিকভাবেই মা কিংবা বাবা তারকা হওয়ায় তাদের ওপরে ওঠার সিঁড়ি অনেকটাই সহজ হয়। তা ছাড়া সামাজিকভাবেও তারা সম্মান লাভ করে। মা-বাবার মাধ্যমেই সমাজের বিভিন্ন জায়গায় তাদের মেশার সুযোগ হয়, বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে পরিচিত হয়; যার ফলে তাদের জ্ঞানের পরিধিটা বেশি হয়। বিখ্যাত বাবা বা মায়ের সন্তান হওয়ায় তার ভেতর ছোটকাল থেকেই একধরনের উদ্যম কাজ করে। স্বাভাবিকভাবে মা-বাবা তাঁদের খ্যাতির কারণে সন্তানের কাছ থেকে এমনটিই আশা করেন যেন সন্তানও ঠিক তাঁদের মতোই যোগ্যতাসম্পন্ন হবে, সামাজিকভাবে খ্যাতি অর্জন করবে। কিন্তু বাস্তবে কতটা সম্ভব সেটা? প্রত্যেক মানুষের মেধা, ক্ষমতা এক হয় না। সে ক্ষেত্রে তাদের ওপর একধরনের চাপ থাকে এবং সফল না হলে হীনম্মন্যতায় ভুগতে হয়। এতে করে তাদের ভেতরের সুপ্ত প্রতিভাটা অনেক সময় বিকশিত হয় না।
তবে মা বা বাবার যতই সামাজিক খ্যাতি থাকুক, যতই অঢেল থাকুক না কেন সন্তান যেন শুধু সেগুলোর ওপর ভিত্তি করে জীবনযাপন না করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তানদের অবশ্যই এই শিক্ষা দিতে হবে যে আর বাকি দশটা সাধারণ মানুষের মতোই তার জীবন। আমাদের প্রত্যেকেই জীবনে ওপরে উঠতে গেলে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাদের চ্যালেঞ্জ গ্রহণের শিক্ষা দিতে হবে, সহজ-সরল জীবনযাপনের শিক্ষা দিতে হবে। শুধু মা-বাবা নন, সমাজের প্রত্যেক মানুষকে তাঁদের আদর্শ এই শিক্ষা অবশ্যই সন্তানদের দিতে হবে।
বিখ্যাত ব্যক্তিদের ব্যস্ততার ভেতরেই জীবনযাপন করতে হয়। অনেক ক্ষেত্রে তাঁরা সংসারকেন্দ্রিক হয়ে উঠতে পারেন না। মা–বাবার মধ্যে একজন বেশি ব্যস্ত হলে অপরজন সন্তানদের বেশি সময় দেবেন। আর দুজনই যদি তারকা হয়ে থাকেন সেক্ষেত্রে শত কাজের মধ্যেও তাঁদের ভালো অভিভাবক হয়ে ওঠারা চেষ্টা করতে হবে। না হলে সন্তানেরা মানসিকভাবে অনেক কষ্টে থাকবে। মা-বাবাকে অবশ্যই মনে রাখতে হবে যে তাঁরা তারকা হলেও সবার আগে অভিভাবক। যতই ব্যস্ততা থাকুক, দিন শেষে সন্তানের জন্য তাঁদের আলাদা করে সময় রাখতে হবে।
তাজুল ইসলাম : অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট