সন্তানের তুলিতে মায়ের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু বয়স থেকেই সন্তানেরা মায়ের ছবি আঁকে। কত বৈচিত্র্যময় রং আর অনুভূতি মাখা সেসব ছবি, তার কি পরিমাপ করা যায়! মায়ের ছবি যে সন্তানের মনের কত গভীরে প্রবাহিত হয়, তার আরেকটি প্রমাণ মিলল ফ্যাশন হাউস রঙ আয়োজিত প্রদর্শনীতে। শিশুরা মাকে কীভাবে অনুভব করে, তা প্রকাশের জন্য ‘আমার রঙে আমার মা’ নামের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে তারা এবারের মা দিবসে । সেই প্রতিযোগিতার নির্বাচিত ২০টি ছবি এবং পুরস্কৃত ছয়টি ছবি অবলম্বনে তৈরি হয়েছে শিশুদের জন্য পোশাক ও উপহারসামগ্রী। এসব নিয়েই ১৬ থেকে ১৯ আগস্ট রাজধানীর দৃক গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। দেয়ালজুড়ে মাকে নিয়ে শিশুদের আঁকা ছবি। এসব ছবিতে খুদে আঁকিয়েরা এঁকেছে মায়ের চুল বেঁধে দেওয়া, সন্তানদের পাশে মা, সন্তানদের মেলায় বেড়াতে নিয়ে যাওয়াসহ আরও নানাভাবে নানা অনুভূতিতে। আর স্ট্যান্ডে স্ট্যান্ডে ঝুলছে সেই ছবি থেকে তৈরি শার্ট, টি-শার্ট, ফতুয়া, ব্যাগসহ আরও অনেক কিছু। এই ছবি থেকে তৈরি হয়েছে মগের বহিরাবরণ, যেখানে লেখা রয়েছে আঁকিয়ের নামও। শিশুদের আঁকা নিয়ে বিভিন্ন আয়োজনের পাশাপাশি মায়েদের শাড়ি, ব্যাগসহ আরও অনেক কিছু। যেন পুরো প্রদর্শনীটিই হয়ে উঠেছিল মা আর সন্তানের অপূর্ব মেলবন্ধনের প্রতীকী চিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, দিলারা জামান, চন্দ্রশেখর সাহা, রঙের কর্ণধার বিপ্লব সাহা, সৌমিক দাসসহ আরও অনেকে। এ সময় তিনজন রত্নগর্ভাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন জেবুন্নেছা বেগম, বেগম মুসলিমা সালাম ও বেগম রেজিয়া খানম। এর আগে শিশুদের হাতে পুরস্কার দেওয়া হয়। ক বিভাগ থেকে প্রথম হয়েছে উষসী মোমেন, দ্বিতীয় তুবাইশা জামান ও তৃতীয় আতিকা জাকারিয়া মাওলা। খ বিভাগে প্রথম মেহেনাজ আহমেদ, দ্বিতীয় তাসরিফা হোসেন ও তৃতীয় সৈয়দ নাঈমা ফারিহ। শিশুদের আঁকা ছবি থেকে এসব তৈরি পোশাক, মগ ও অন্যান্য সামগ্রী রঙের শোরুমগুলোতে পাওয়া যাবে।