সন্তান যদি কিছু চেয়ে বসে কিংবা আবদার করে, তাহলে আইনত এ দাবি পূরণ করার ক্ষেত্রে বাবার কি কোনো বাধ্যবাধকতা আছে? বিশেষ করে জমিজমা, ফ্ল্যাট কিংবা জমানো টাকার বেলায়। চাইলেই কি সন্তান এসবের হকদার? অনেক সময় দেখা যায়, সন্তান প্রাপ্তবয়স্ক হোক আর না হোক, মা–বাবার কাছে জমিজমা চেয়ে বসে, সম্পত্তির ভাগ দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আইন কী বলে—আসুন, জেনে নিই।
সম্পত্তির ভাগ চাইলে
সন্তান প্রাপ্তবয়স্ক হলেও কোনো সম্পত্তি বা টাকাপয়সা বাবা–মা জীবিত থাকা অবস্থায় দাবি করতে পারে না। যত দিন বাবা–মা জীবিত আছেন, তত দিন এ সম্পত্তি মা–বাবারই এবং আইনত মা–বাবাই এর মালিক। তাই সন্তানের দাবি করা বা সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। অপ্রাপ্তবয়স্ক সন্তানের ক্ষেত্রেও তাই। আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক সন্তানের কোনো আইনগত মতামতেরও গুরুত্ব নেই। তবে মা-বাবা যদি সন্তানের নামে জমি কেনেন এবং সন্তান পরবর্তীকালে প্রাপ্তবয়স্ক হলে সেই জমি সন্তানের কাছেই হস্তান্তর করতে হয়। আইন অনুযায়ী সন্তানই তখন এ জমির মালিক। এ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত সাবালক সন্তান নিজেই নিতে পারেন।
প্রাপ্তবয়স্ক সন্তানকে যদি মা–বাবা তাঁদের সম্পত্তি দান করে দেন, সে ক্ষেত্রে সন্তান দাবি করতে পারবেন। জীবিতকালে কোনো বাবা-মা তাঁদের সম্পত্তি অন্য কাউকে যথাযথভাবে দান না করে গেলে কিংবা বিক্রি না করে থাকলে মৃত্যুর পর তাঁদের সন্তানেরা অবধারিতভাবেই উত্তরাধিকারী হিসেবে তাঁদের রেখে যাওয়া সম্পত্তির অংশীদার হবেন। সন্তান অবাধ্য হলেও মা–বাবা তাঁকে ত্যাজ্য ঘোষণা করতে পারেন না। বাবা–মা জীবিত অবস্থায় মুসলিম আইন অনুযায়ী এক-তৃতীয়াংশের বেশি অন্য কাউকে উইল করতে গেলে সন্তানসহ অন্যান্য ওয়ারিশের অনুমতি লাগবে।
বিয়ের ক্ষেত্রে
সন্তান প্রাপ্তবয়স্ক এবং বিয়ে করার মতো যোগ্যতা অর্জন করলে বিয়ে করার ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। এতে বাবা–মায়ের কাছে নিজেদের পছন্দ–অপছন্দগুলো বলতে পারবেন এবং বিয়ের বিষয়ে স্বাধীন মতামত তুলে ধরতে পারবেন। তবে অপ্রাপ্তবয়স্ক সন্তানের মতামতের কোনো গুরুত্ব নেই। অনেক সময় দেখা যায়, দুজন প্রাপ্তবয়স্ক নিজেরা আইন অনুযায়ী পরিবারের অমতে বিয়ে করলে অনেক অভিভাবক মামলা ঠুকে দেন। আইন অনুযায়ী সন্তান প্রাপ্তবয়স্ক হলে এবং নিজেরা বিয়ে করলে মিথ্যা মামলা দিয়ে কোনো ফল পাওয়া যায় না।
ভরণপোষণ
সন্তান অপ্রাপ্তবয়স্ক হলে সন্তানের ভরণপোষণ মা–বাবাকেই দিতে হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হলে কিন্তু কর্মহীন হলেও মা–বাবার সক্ষমতা থাকলে মা–বাবা নৈতিক দায়িত্ব থেকে ভরণপোষণ দিতে পারেন। বাবা সব সময় নাবালক সন্তানের ভরণপোষণ দিতে বাধ্য। তবে সাবালক হয়ে গেলে সন্তানের ভরণপোষণ দিতে আইনত বাধ্য নন। সন্তান মারাত্মক কোনো অসুস্থ থাকলে এবং শারীরিক সক্ষমতা না থাকলে বাবার কাছে তার খরচ বা ভরণপোষণ দাবি করতে পারে। প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান কর্মজীবী হলেও বিয়ের আগ পর্যন্ত বাবার কাছ থেকে তাঁর ভরণপোষণ পেতে পারেন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।