সন্তানের পাশে থাকুন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তান খারাপ ফল করলেও তার সঙ্গে হাসিখুশি থাকুন। সাহস দিন। মডেল: সাঁঝবাতি ও বুিড় আলী। ছবি: অধুনা
সন্তান খারাপ ফল করলেও তার সঙ্গে হাসিখুশি থাকুন। সাহস দিন। মডেল: সাঁঝবাতি ও বুিড় আলী। ছবি: অধুনা

এবারের এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থীই আশানুরূপ ফল করেননি। সামনে ভর্তি পরীক্ষা। এই ভর্তিযুদ্ধে অনেকেই নির্বাচিত হয় না। ফলে পরিবারের কাছ থেকে শুনতে হয়, ‘তাহলে এসএসসিতে এত ভালো ফল করে কী হলো? এত শিক্ষক আর কোচিং এরই বা কী দরকার ছিল?’
কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোনো চেষ্টাই বৃথা যায় না। আর একজন ভালো শিক্ষার্থী যে সব সময় ভালো ফল করবে, এটাও ঠিক নয়। তাই এ ক্ষেত্রে পরিবারের উচিত সন্তানের পাশে থাকা। কেননা নিজের খারাপ ফলের দায়ভার সবচেয়ে বেশি নিজের। সে ক্ষেত্রে একজন শিক্ষার্থী নিজেই মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। তারুণ্যের রাজ্যে বিরাজ করে হতাশা। এ সময় ছেলেমেয়ের মধ্যে কিছু পরিবর্তন চোখে পড়ে। এমনটা মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার।
সন্তানের পরিবর্তিত অবস্থা
* হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেওয়া। মনোবিজ্ঞানীরা মনে করেন, অতিরিক্ত বিষণ্নতার ফলে এমনটি হয়। অনেকে আবার অল্পতেই রেগে যায়, যা সন্তানের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
* পরিবারের সবার সঙ্গে খিটমিটে আচরণ করা।

* আগে যে কাজগুলো করতে ভালো লাগত, তা একেবারেই এড়িয়ে চলা।
* বন্ধুমহল কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলতে না চাওয়া। কোনো সামাজিক অনুষ্ঠান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
* নিদ্রাহীনতা ও ক্ষুধামান্দ্য দেখা দেওয়া।
মেখলা সরকারমনে করেন হতাশার ফলেই ব্যক্তি এমন হয়ে পড়ে। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব এমন অবস্থা থেকে আপনার সন্তানকে আগের অবস্থায় ফিরিয়ে আনুন। আপনার সাহায্যের হাতটাই বাড়িয়ে দিন। কেননা এ মুহূর্তটিতে প্রিয় সন্তানের সবচেয়ে কাছের মানুষ হতে পারে নিজ মা-বাবাই!’

মা-বাবার করণীয়
* সন্তানের সঙ্গে কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন, যে জীবনের পথ এখনো অনেক বাকি। সাময়িক এই ফলাফলের জন্য ভেঙে পড়ার কিছুই নেই। বরং চেষ্টা করলে এর চেয়েও ভালো হতে পারে।
* তার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। এইচএসসিতে খারাপ ফলের জন্য হয়তো পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না-ই পেতে পারে। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকেও পছন্দের বিষয়ে পড়া যায়। ডাক্তার হব ভেবে রাখলেই যে ডাক্তারই হতে হবে, এমন নয়। আজকাল বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক নতুন বিষয় এসেছে। চাইলে এসব বিষয় থেকেও উচ্চশিক্ষা সম্পন্ন করা যেতে পারে। এই ব্যাপারগুলোই আপনার সন্তানকে বুঝিয়ে বলুন।
* সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এ সময় মানসিকতা এমনিতেই ভঙ্গুর হয়ে পড়ে। আপনার হেঁয়ালিপূর্ণ আচরণ কোনো দুর্ঘটনারও কারণ হয়ে উঠতে পারে। তাই বলে একেবারেই যে প্রশ্রয় দিতে হবে এমন নয়। এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে হাসিখুশি থাকুন। প্রয়োজনে তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন।
* সন্তানকে সাহস দিন। কখনোই কারও সঙ্গে সন্তানের তুলনা দেবেন না। কেননা প্রতিটি মানুষই নিজের মতো স্বকীয়। নিজের গুণাবলিকেই প্রতিষ্ঠিত করায় তাকে সহায়তা করুন।
* এমন অবস্থায় ঘরে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। ঘরের পরিবেশ অশান্ত কিংবা গোলমেলে থাকলে সন্তান আরও বেশি বদমেজাজি ও রাগী হয়ে উঠতে পারে।
* সন্তানের নিয়মিত খেয়াল রাখুন। আদরের মেয়ে কিংবা ছেলেটি ঠিকমতো খাচ্ছে কি না, পড়াশোনা করছে কি না এসব বিষয়ে যত্নশীল হন। তাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন। বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে গল্প করতে দিন। অপেক্ষা করুন। দেখবেন ধীরে ধীরে একটা সময় আপনার সন্তানের মধ্যে হারানো সেই আত্মবিশ্বাস ফিরে আসছে। সে স্বপ্ন আবার বুনতে শুরু করেছে, আপনার সঙ্গেই!