
ছেলে বা মেয়ে কোনো কারণে মন খারাপ করে থাকলে তাকে বারবার প্রশ্ন করতে থাকেন। মা-বাবা তখন গোয়েন্দা শার্লক হোমস হয়ে যান। সারাক্ষণ একই বিষয়ে কথাবার্তা বলে সন্তানের মানসিক চাপ বাড়িয়ে ফেলেন। এতে আসলে সন্তানের সঙ্গে পরিবারের সদস্যদের দূরত্ব তৈরি হয়। পরীক্ষার ফলাফল, খেলাধুলা, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন বিষয়ে সন্তানকে মা-বাবার বেশি প্রশ্ন কিংবা অযথা সারাক্ষণ সন্দেহের চোখে দেখার প্রবণতা সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করে। পরিবারের সদস্যদের এমন আচরণ থেকে বিরত থাকা উচিত। সন্তান যখন কোনো বিষয় নিয়ে হতাশ থাকে, তাকে নিজের মতো সময় কাটাতে দেওয়া উচিত। এতে সন্তানের নিজেরই অস্থিরতা কমে যায় আর ভুল সিদ্ধান্ত নেওয়ার আশংকা একেবারে থাকে না বললেই চলে। অস্থির মানসিক অবস্থায় শিশু-কিশোরেরা অল্পতেই রেগে যায়। এমন অবস্থায় তাকে বেশি প্রশ্ন না করে কিংবা অযথা বিরক্ত না করে তাকে নিজের মতো সময় কাটাতে দেওয়াই বুদ্ধিমানের কাজ।
নিজের সপ্তম শ্রেণিতে পড়ুয়া সন্তান রৌদ্র আহমেদকে নিয়ে বেসরকারি নির্মাণপ্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক রুবিনা খান বলেন, ‘আমার ছেলে অনেক সময় স্কুলের নানা কারণে হতাশায় থাকে। সে সময়টায় তাকে একটু কথা বললেই মারাত্মক প্রতিক্রিয়া দেখায় সে। এমন অবস্থায় আমার খেয়াল থাকে ওকে বেশি না ঘাঁটানো। নিজের মতো কিছু সময় একা থাকার পরে সে নিজেই আমাকে তার সমস্যার কথা জানায়।’ সন্তান রৌদ্রর অস্থিরতার সময় মা রুবিনার এই আচরণ সন্তানের সঙ্গে দূরত্ব বাড়ায় না, উল্টো মা-বাবাকে সন্তান তার একটি বড় নির্ভরতার স্থান হিসেবে ভাবতে পারে। সন্তানের বড় নির্ভরতার জায়গায় নিজেকে নেওয়ার জন্য মা-বাবার উচিত সন্তানকে একটু একা থাকার সুযোগ করে দেওয়া।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির দ্য গ্রেটার গুড সায়েন্স সেন্টারের গবেষকেরা মনে করেন মা-বাবার আচরণ সন্তানকে তাঁর মানসিক অস্থিরতার সময় আরও হতাশাগ্রস্ত করে তোলে। সামাজিক গবেষক ক্রিস্টিন কার্টার তাঁর গবেষণা নিবন্ধে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার বড় একটি কারণ হচ্ছে কোনো বিষয় নিয়ে সারাক্ষণ সন্তানকে প্রশ্ন করে যাওয়া। ১৪ থেকে ২১ বছরের শতকরা ৭৬ ভাগ মানুষই মা-বাবার খুঁতখুঁতে আচরণের কারণে মা-বাবার ওপরে বিরক্তি প্রকাশ করে। এই বিরক্তির কারণে ৮০ শতাংশ সন্তানই বয়ঃসন্ধিকালীন সময়ে মাদকসহ বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলে।’ (সেপ্টেম্বর, ২০১১)
যুক্তরাষ্ট্রের চিলড্রেনস হসপিটাল অব উইসকনসিনের চিকিৎসক ডাক্তার কেনেথ এল গ্রিজেল তাঁর বৈজ্ঞানিক এক নিবন্ধে বলেন, ‘কৈশোরে মানসিক অশান্তির অন্যতম একটি কারণ হচ্ছে মা-বাবার কোনো বিষয় নিয়ে “ঘ্যানঘ্যান” করা। সন্তানের প্রতি মা-বাবার এমন আচরণে ৯০ শতাংশ কিশোর-কিশোরী তাদের কৈশোরে কোনো না কোনো সময়ে মানসিক অবসাদ আর হতাশায় ভোগে।’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ইন্ডিয়ান জার্নাল অব সাইকিয়াট্রিতে এক তথ্যে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক অবসাদ আর হতাশার হার বাড়ছে। ২০২০ সালের মধ্যে পৃথিবীতে মানসিক হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। বিশ্বব্যাপী মনোচিকিৎসক ও গবেষকেরা সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য সচেতন মা-বাবা হিসেবে সন্তানকে নিজের মতো একটু সময় দিয়ে তাকে সহযোগিতার মনোভাব দেখানোর দিকে গুরুত্ব দেন।
সন্তানের সঙ্গে যা করবেন না
* আপনার সন্তানের সমস্যা-দ্বিধা-অস্বস্তি আপনাকেই প্রথমে বুঝতে হবে। এ জন্য সন্তানের সঙ্গে যতটা সম্ভব বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করুন।
* সন্তানের বন্ধুবান্ধব আর ঘোরাঘুরি নিয়ে অযথা সন্দেহ করবেন না। কোনো প্রশ্ন থাকলে সরাসরি তাকে জিজ্ঞাসা করুন।
* সন্তানের সব সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার চেয়ে তার সঙ্গে যৌক্তিক আলোচনার মাধ্যমে কার্যকর ও প্রয়োজনীয় সিদ্ধান্তটি নেওয়ার দিকে গুরুত্ব দিন।
* সন্তানের খারাপ দিক কিংবা ব্যর্থতার কথা সন্তানকে বারবার মনে করিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। এতে সন্তানের হতাশা আরও বেড়ে যায়।
* অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে কথা বলার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে। এ ধরনের আচরণ সন্তানের মধ্যে আপনার প্রতি সম্মানবোধ কমিয়ে দেয়।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য জাগল ও পাওনিয়ার উইমেন