সন্তানের সিদ্ধান্ত তাকেই নিতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলা থেকেই সন্তানকে সিদ্ধান্ত নিতে শেখান। ছবি: অধুনা
ছোটবেলা থেকেই সন্তানকে সিদ্ধান্ত নিতে শেখান। ছবি: অধুনা

দীপ লেখাপড়ায় ভালো। ফলও ভালো করছে। কিন্তু চাকরি নাকি ব্যবসা করবে বুঝতে পারে না। সব মিলিয়ে বেশ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এই বয়সের সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে তার ভবিষ্যৎ।

জীবনে চলার পথে প্রায়ই এমন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় আমাদের। আর এই সিদ্ধান্তহীনতা জীবনে কীভাবে প্রভাব ফেলে, তা কি আমরা ভেবে দেখেছি? অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ কেউ শপিংয়ে খুব লম্বা সময় পার করছে। কারণ একটা পোশাক কেনার ব্যাপারে মনস্থির করতে পারছে না। আবার অনেকে আছেন, যাঁরা ঘন ঘন চাকরি পাল্টাচ্ছেন। এসবের পেছনের কারণ খুঁজলে দেখা যাবে, সিদ্ধান্তহীনতা থেকেই তাঁরা এমনটা করছেন, যা একসময় তৈরি তীব্র মানসিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়।

এই যে কী করব আর কী করব না—এই দোলাচল; যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখা যাবে যে প্যারেন্টিংয়ের একটি বিশাল ভূমিকা রয়েছে। সন্তানের ভালো সব বাবা-মা-ই চান। তবে অনেক ক্ষেত্রেই তাঁদের ভালো লাগা-মন্দ লাগা সন্তানের ওপর চাপিয়ে দেন। এমনকি কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানের সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করে না তাঁরা। এর প্রতিক্রিয়ায় দেখা যায় ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়লে তারা আর তা নিতে পারছে না। কারণ সব সময় বাবা-মায়ের ওপর নির্ভরশীল ছিল। আবার বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের সিদ্ধান্ত আরেকজন নেওয়াতে ভালো-মন্দের পার্থক্য করতে পারছে না। এসব ক্ষেত্রে তারা খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত হতে পারে। সংকট দেখা দেয় আত্মবিশ্বাস ও আত্মমর্যাদারও। কোনো কিছুই নিজের চাহিদামাফিক না হওয়ার ফলে তৈরি হতে পারে হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ। বাবা-মায়ের ওপর চাপা ক্ষোভ তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।

সন্তানের সিদ্ধান্তে গ্রহণে যেভাবে সহযোগিতা করতে পারেন

ছোট ছোট সিদ্ধান্তগুলো সন্তানকে ছোটবেলা থেকেই নিতে শেখান। যেমন সে কী পড়বে বা কী খাবে—এগুলো তাকেই ভাবতে দিন। তার সিদ্ধান্তকে মূল্যায়ন করা হলে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে সে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অল্প কিছু বিকল্প পছন্দ রাখুন সন্তানের সামনে। যেমন বেড়াতে বের হওয়ার আগে তাকে কয়েকটা পোশাক ঠিক করে দিন। বেছে নিতে বলুন। শিশুদের সামনে খুব বেশি অপশন থাকলে তারা সিদ্ধান্ত নিতে পারে না।

তাকে সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যাখ্যা দিন। ভালোমন্দ দিকগুলো তুলে ধরুন। আপনার ব্যাখ্যা তাকে পরবর্তী সাহায্য করবে কোনো বিষয়কে কীভাবে বিশ্লেষণ করতে হয় তা ভাবতে।

তার সিদ্ধান্তের ভালো-মন্দের দায়িত্ব তাকেই নিতে দিন। অনেক সময় তার ভুল সিদ্ধান্তকে আমরা ঠিক করে দিই অথবা উপেক্ষা করে যাই। যেমন ধরুন বাচ্চা নীল রঙের জামা কিনতে চাইল, আপনি তাকে তা কিনে দিলেন। কিন্তু কেনার পর যদি সে তা পরতে না চায় অথবা ভালো না লাগে, তবে স্নেহের বশবর্তী হয়ে আমরা তাকে আরেকটি কিনে দিই। তা না করে যদি তাকে বলা হয় এটি তার নিজেরই পছন্দ এবং বলা হয় পরবর্তী সময়েতে যখন কিছু করবে, তখন আরও ভেবেচিন্তে যেন করে। সে ক্ষেত্রেও কিন্তু সে একটু একটু করে সিদ্ধান্ত নিতে শিখবে। এমনকি ভুল হলে তার দায়ভারও নেওয়া শিখবে সে।

একই সঙ্গে তার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তার প্রশংসা করুন। আপনার প্রশংসা তাকে উদ্দীপ্ত করবে এবং নিজের মতামত প্রদানে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে।

আপনি যখন নিজস্ব কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তখনো কিন্তু তার সঙ্গে আলোচনা করতে পারেন। সেটিও কিন্তু তাকে ভাবতে সাহায্য করবে। নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে সাহায্য করবে।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে সাহায্য করবে। আপনার ছোট ছোট এই পদক্ষেপগুলো সন্তানকে বড় হতে সহায়তা করবে, যার ভিত রচনা করতে হবে শৈশব থেকেই।

লেখক: কাউন্সেলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়