একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান কোনো ধর্মেই নেই। জঙ্গিবাদ নির্মূলে সব মানুষকে স্ব স্ব অবস্থান থকে প্রতিরোধ করতে হবে।
খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১৩ আগস্ট উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চবিদ্যালয় কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে দীঘিনালা থানা-পুলিশ। সমাবেশে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও গণমান্য ব্যক্তি অংশ নেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবীর, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, মেরুং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাকি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, জনগণের সহযোগিতা নিয়েই পুলিশ কাজ করবে। কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তার ওপর নজর রেখে পুলিশকে জানাবেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় গুরু, গ্রাম প্রধান ও মাতব্বররা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।