সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে হালিশহরে মানববন্ধন
সন্ত্রাস দমন, অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধ এবং অবৈধ বস্তি ও সন্ত্রাসী আস্তানা উচ্ছেদের দাবিতে হালিশহর বি-ব্লক শহীদ মিনার প্রাঙ্গণে গত শুক্রবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। হালিশহর হাউজিং এস্টেট বি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ বস্তি উচ্ছেদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, অবিলম্বে হালিশহর বি-ব্লকে অবৈধভাবে গড়ে ওঠা বস্তিগুলো উচ্ছেদ করে পুরো এলাকাকে একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে হবে। এটাই স্থানীয় বাসিন্দাদের প্রাণের দাবি। মানববন্ধনে স্থানীয় কয়েক শ বাসিন্দা অংশ নেন। এরপর অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে তারা একটি মিছিলও বের করেন। সমাবেশে বক্তব্য দেন আবেদ মনছুর চৌধুরী, মোশাররফ হোসেন, মাহমুদুল আলম, জয়নাল আবেদীন, মোশারফ হোসেন, হুরে আরা প্রমুখ।