সাক্ষাৎকার সেলিম মো. জাহাঙ্গীর, পুলিশ সুপার, কক্সবাজার
সন্ত্রাসী-গডফাদার এবার আর রক্ষা পাবে না
কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের অপতৎপরতা এবং এদের রক্ষকদের ভূমিকা প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘১৮ জানুয়ারি সন্ত্রাসীদের গুলিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরেশ কুমার কার্বারি নিহত হয়েছেন। তারা (সন্ত্রাসীরা) আমাদের পুলিশের গায়ে হাত দিতে এতটুকু চিন্তাও করেনি। এতদিন তারা রক্ষা পেলেও এবার হচ্ছে না। মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও জলদস্যুদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। ইতিমধ্যে পরেশ হত্যা মামলার ছয় আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা জোনাব আলী, দেলোয়ারসহ বাহিনীর অন্য সদস্যদেরও ধরার চেষ্টা চলছে।’ পুলিশ সুপার বলেন, পাহাড়-সাগর আর নদী বেষ্টিত হওয়ায় মহেশখালী সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এখানকার দুর্গম পাহাড়ে ভ্রাম্যমাণ অস্ত্র কারখানা স্থাপন করে কাটা বন্দুক তৈরি করে অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা উচ্ছেদ করা হয়েছে। অস্ত্র তৈরির কারিগর, তাদের আশ্রয়দাতা এবং অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি কারখানাগুলোও উচ্ছেদের চেষ্টা চলছে। পুলিশ কর্মকর্তা পরেশ কুমার কার্বারি হত্যাকাণ্ড প্রসঙ্গে সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘এই হত্যা মামলার আসামিদের ধরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ, পুলিশের সদর দপ্তরসহ বিভিন্ন মাধ্যমে পরেশের পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়েছে। পুলিশের কল্যাণ তহবিল থেকেও তাঁর পরিবারে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। পোষ্য কোটায় তাঁর এক ছেলেকে পুলিশে চাকরির ব্যবস্থা করা হচ্ছে।’পুলিশ সুপার আরও বলেন, যুগযুগ ধরে এই সুন্দর মহেশখালী দ্বীপটি দেশবাসীর কাছে ‘ক্রাইমজোন’ হিসাবে কুখ্যাতি পেয়ে আসছে। যদিও এখানকার ৯০ ভাগ মানুষ এসব কর্মকাণ্ড বিরোধী। মুষ্টিমেয় সুবিধাভোগী কতিপয় জনপ্রতিনিধির আশ্র্রয়ে সন্ত্রাসীরা এখানে রামরাজত্ব কায়েম করে।