সন্ত্রাসী চক্রের অভয়ারণ্য চুনতি!
সংঘবদ্ধ চক্র এবং অসাধু কাঠ ব্যবসায়ীর হাতে জিম্মি হয়ে পড়েছে চুনতি অভয়ারণ্য। বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার সহায়তায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র অভয়ারণ্যের জায়গা দখল করে বসতি নির্মাণ ও বনের গাছ পাচার করছে।চুনতি অভয়ারণ্যের আশপাশে বসবাসরত লোকজন জানান, বনের ভেতরে তোফায়েল বাহিনী ও নুরুল ইসলাম বাহিনীসহ বেশ কয়েকটি সন্ত্রাসী চক্র বৃক্ষ নিধন ও কাঠ পাচার করছে।লোহাগাড়ার আজিজনগর বনবিট কর্মকর্তা ননী গোপাল সাহা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গাছ পাচারের কারণে বনভূমি কমে যাচ্ছে। কেবল আজিজনগর বিটের আওতাধীন চুনতি অভয়ারণ্যের ১৩৫৮ একরের মধ্যে প্রায় ৮০০ একর বনভূমি ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। ননী গোপাল সাহা আরও জানান, মো. তোফায়েলসহ চিহ্নিত কয়েকজন বনের গাছপালা কেটে বাইরে পাচার ও বনের ভেতরে অবৈধ বসতি গড়ে তোলার সঙ্গে যুক্ত। একা তোফায়েলই বনের ভেতরে ১৬টি ঘর নির্মাণ করেছে। তিনি বলেন, ‘আমরা বনভূমি দখল ও গাছ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। কিন্তু লোকবল কম হওয়ায় তা সম্ভব হয় না। তোফায়েলের বিরুদ্ধে গত ছয় মাসে ১২টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে চুনতি অভয়ারণ্যে অবৈধ অনুপ্রবেশ, জবর দখল, বাড়ি নির্মাণ, গাছ কাটা ও পাচারের অভিযোগ আনা হয়েছে।’চুনতি এলাকার সাতঘর বিট কর্মকর্তা সৈয়দ আলম জানান, বনের অভ্যন্তরে বেশ কয়েকটি চক্র কাঠ পাচারের সঙ্গে যুক্ত। এর মধ্যে নুরুল ইসলাম অন্যতম। তিনি বনের গাছ কেটে আসবাবপত্র বানিয়ে বাইরে পাচার করেন।এদিকে চকোরিয়ার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী তোফায়েলকে চেনেন না বলে জানান। তবে স্থানীয় যুবলীগ সভাপতি আবু বক্কর চৌধুরী জানান, তোফায়েল যুবলীগের কর্মী।এ ব্যাপারে মো.তোফায়েলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আজিজনগর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় অভয়ারণ্যের জায়গায় ঘর নির্মাণ করেছি। তবে বনাঞ্চলের কাঠ কাটা ও পাচারের অভিযোগ মিথ্যা।’চুনতি রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম জানান, বিট কার্যালয়ে জনবল ও অস্ত্রের অভাব রয়েছে, তাই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। চুনতি বন্যপ্রাণী ও অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান জানান, প্রতিনিয়ত অবৈধ দখল ও বন উজাড়ের ফলে চুনতি অভয়ারণ্যের বন্য পরিবেশ নষ্ট হচ্ছে এবং হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। সরকারি-বেসরকারি উদ্যোগে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।চুনতি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবদুল মাবুদ বলেন, ‘তোফায়েল বাহিনীসহ অন্যদের বৃক্ষনিধন ও অবৈধ দখল সম্পর্কে আমরা অবহিত। র্যাব, পুলিশ ও সরকারি অন্যান্য সংস্থার সহযোগিতায় তাদের উচ্ছেদের চেষ্টা চলছে।’ উল্লেখ্য চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চকোরিয়া, বাঁশখালী এলাকায় ১৯ হাজার ১৭৭ একর জমি নিয়ে চুনতি সংরক্ষিত অভয়ারণ্য এলাকা গড়ে উঠেছে। ১৯৮৬ সালের মার্চ মাসে কৃষি মন্ত্রণালয় বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের জন্য এ জায়গা অধিগ্রহণ করে। বর্তমানে চুনতি অভয়ারণ্যে বন বিটসংলগ্ন এলাকা ছাড়া অন্যান্য স্থানে উল্লেখযোগ্য তেমন কোনো গাছ নেই।