সন্ত্রাসী বাবরসহ ১০ জনের খুনের মামলা প্রত্যাহারের আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ১০ ছাত্রলীগ-যুবলীগ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ছাত্রদল কর্মী খুনের মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে আদালতে।
চঞ্চল্যকর এই মমলার নয়জন আসামি সুনীল দে, মফিজুর রহমান, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, মো. ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ আছে এই ১০ আসামির বিরুদ্ধে। ১৮ বছর পেরিয়ে গেলেও নিহতের পরিবার বিচার পায়নি। উল্টো মামলার প্রত্যাহারের আবেদন করায় পরিবারে হতাশা নেমে এসেছে।
চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটির সুপারিশের পর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছিল। বর্তমানে এই মামলা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
জানা গেছে, মামলার নয় আসামি পলাতক থাকলেও জামিনে আছেন হেলাল আকবর। থাকা মহাজোট সরকারের শেষ সময়ে তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন। গত বছরের জুন মাসে রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। হেলাল আকবর নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তবে ওই ঘটনার পর তাঁকে বহিষ্কার করা হয়।
জানতে চাইলে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুনের মামলাটি প্রত্যাহারের সুপারিশ পাওয়ার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বরাবরে আবেদন করেছি।’
নথিতে দেখা গেছে, আজাদ আলী খান হত্যা মমলাটি দায়ের করা হয় নগরের কোতোয়ালি থানায়। পরে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করে, যার স্মারক নম্বর হলো, ২০১৩-১২১৭। মহানগর পিপির কাছে মামলা প্রত্যাহারের সুপারিশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান। গত বছরের ১২ সেপ্টেম্বর পিপির কাছে এ চিঠিটি আসে। এই চিঠির পরিপ্রেক্ষিতে পিপি কামাল উদ্দিন মামলাটি প্রত্যাহারের জন্য বিচারক বরাবরে আবেদন করেন। তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে আবেদনপত্রে তিনি লেখেন, ‘রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের অনুমতিক্রমে মামলাটি প্রত্যাহার করে সকল আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি বা খালাস প্রদান করা হোক।’
এই মামলায় ১১ জন সাক্ষী রয়েছে। তবে দীর্ঘদিন উচ্চ আদালতে নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত থাকায় কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। ১৯৯৭ সালের ৬ মার্চ এসআই হুমায়ুন কবির ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০০ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০০৩ সালের ১৮ আগস্ট দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।
মামলার বাদী নিহতের ছোট ভাই সেলিম খান এজাহারে উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৯ এপ্রিল নগরের আউটার স্টেডিয়ামে মিছিল নিয়ে যাওয়ার পথে নন্দনকানন এলাকায় আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন হেলাল আকবরসহ তাঁর সহযোগীরা। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৮ বছরেও ভাইয়ের হত্যার বিচার পাইনি। উল্টো মামলা থেকে সব আসামির নাম প্রত্যাহার করা হচ্ছে। কোথায় গেলে বিচার পাব!’
এ বিষয়ে হেলাল আকবরসহ অন্যদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। প্রধান আসামি হেলাল আকবরের বাবা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। কিছুদিনের মধ্যে মামলাটি প্রত্যাহারের আদেশ দিতে পারেন আদালত। শুধু মামলার এজাহারে আছে আমার ছেলে গুলি করে হত্যা করেছে। কিন্তু তাঁদের হাতে কোনো প্রমাণ নেই।’