সন্দেশের নকশা নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেশের মোটিফ নিয়ে তৈরি পোশাকের প্রদর্শনী দেখছেন চিত্রশিল্পী হাশেম খান, ​ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও অন্যরা। ছবি: সংগৃহীত
সন্দেশের মোটিফ নিয়ে তৈরি পোশাকের প্রদর্শনী দেখছেন চিত্রশিল্পী হাশেম খান, ​ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও অন্যরা। ছবি: সংগৃহীত

‘ছোটবেলা থেকে দেখেছি আমাদের মায়েরা সন্দেশ তৈরি করতেন। তখন মিষ্টি হিসেবে পছন্দ করলেও ২০০৪ সালে যখন সন্দেশের মোটিফ নিয়ে কাজ শুরু করি, তখন এক নতুন জগৎ খুলে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সন্দেশের ছাঁচ সংগ্রহ করেছি এবং তা বিশ্লেষণ করার চেষ্টা করেছি।’ কথাগুলো ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহার। সন্দেশের ছাঁচের নকশার বিশ্লেষণ করে তিনি লিখেছেন বই ট্র্যাডিশনাল মোটিফস থাউজেন্ড পসিবিলিটিস। ৪ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘরে বইটির মোড়ক উন্মোচনের সময় তিনি আরও বলেন, ‘সন্দেশের সেই ছাপ যে পোশাকের নকশায় ব্যবহার করার উপযোগী, তা দেখানো হয়েছে বইটিতে। ছাঁচ বিশ্লেষণ করার সময় বুঝতে পেরেছি এ দেশের গ্রামের নারীদের মধ্যে কত বড় শিল্পীমন বিরাজ করে এবং তাঁরা মনের কত গভীর থেকে সন্দেশের ছাঁচ নির্মাণ করেন বা করতেন।’
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বইটি মূলত দেশীয় ঐতিহ্য রক্ষার নিমিত্তে প্রকাশিত, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।’ অনুষ্ঠানে চিত্রশিল্পী হাশেম খান বলেন, বইটি চন্দ্রশেখর সাহার সৃজন নিপুণতার ও অনুসন্ধিৎসু মনের পরিচয় বহন করে। বইটি রচনায় তিনি যে গবেষণা করেছেন এবং ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন, তা কখনো দেখা যায়নি। একজন গবেষক হিসেবে লেখক যে কাজটি করেছেন তা মোটিফ সংরক্ষণে একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, চিত্রশিল্পী সাবিহ্-উল আলম, লেখক ও সাংবাদিক আবুল হাসনাত, কারুবিদ ও শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ এবং দেশী দশের সমন্বয়ক সৌমিক দাস। স্বাগত বক্তৃতা দেন বইটির প্রকাশক নিমফিয়া পাবলিকেশনের স্বত্বাধিকারী করুণাংশু বড়ুয়া।
চন্দ্রশেখর সাহা বইটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত ১৫টি ছাঁচ বিশ্লেষণ করেছেন। এগুলো এর শূন্য বা ফাঁকা স্থান, রেখা ও বিন্দুসংবলিত ক্ষুদ্রাতিক্ষুদ্র নকশা বা উপকরণের জ্যামিতিক পুনর্বিন্যাসে ও সংযোজনে নতুনতর নকশা বা উপস্থাপনা তৈরি করেছেন। প্রকাশনা উৎসবের পাশাপাশি বইয়ের নকশা ধরে তৈরি ‘দেশী দশ’-এর পণ্যের প্রদর্শনীর আয়োজনও করা হয়। দেশী দশের প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই প্রদর্শনী। বইটির দাম ৩ হাজার টাকা।