সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে চারটি জাহাজের তিনটিই বিকল
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে চলাচলকারী অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চারটি জাহাজের মধ্যে তিনটিই অকেজো হয়ে পড়েছে। ফলে সন্দ্বীপ-হাতিয়ার কয়েক লাখ মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সন্দ্বীপ ও হাতিয়ার রুটে এমভি বার আউলিয়া, এমভি আলাউদ্দীন, এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক নামের বিআইডব্লিউটিসির চারটি স্টিমার যাত্রী পরিবহন করে। এর মধ্যে এমভি বার আউলিয়া, এমভি আলাউদ্দীন ও এমভি আবদুল মতিন নামের তিনটি স্টিমারই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে।স্টিমারের সংখ্যা কমে যাওয়ায় চট্টগ্রাম-বরিশাল রুটে স্টিমার সার্ভিস বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। বর্তমানে কেবল এমভি মনিরুল হক সপ্তাহের দুই থেকে তিন দিন সন্দ্বীপ হয়ে হাতিয়া পর্যন্ত অনিয়মিতভাবে যাত্রী পরিবহন করছে। তবে এই স্টিমারেরও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার যেকোনো মুহূর্তে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, এমভি আলাউদ্দীন প্রায় দুই বছর ধরে ডক ইয়ার্ডে পড়ে আছে। উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক ২৪ কোটি টাকা ব্যয়ে মেরামত করা হয়। তবে ইঞ্জিন-প্রকৌশলী না থাকায় হঠা ৎ কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত ত্রুটিমুক্ত করা যায় না। এমভি বার আউলিয়াও দুই বছর ধরে বন্ধ। দীর্ঘদিন ধরে এ রুটে স্টিমার সার্ভিস অনিয়মিত হয়ে পড়ায় এবং তিনটি স্টিমার বন্ধ থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ। সন্দ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে গুপ্তছড়া কুমিরা রুটের বেসরকারি ট্রলার মালিকদের সঙ্গে আঁতাত রয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এ রুটে স্টিমারসংকট সৃষ্টি করছে।’ঈদের ছুটিতে বাড়ি আসা নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্র কামরুজ্জামান জানান, ‘সদরঘাটে স্টিমার না পেয়ে কুমিরা থেকে কাঠের তৈরি ছোট্ট একটি ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি এসেছি। সমুদ্র এত উত্তাল ছিল যে মাঝসমুদ্রে এসে ট্রলারের ঝাঁকুনি দেখে প্রাণের আশা ছেড়েই দিয়েছিলাম।’ বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী বলেন, ‘এমভি বার আউলিয়া জাহাজটি মেরামতের জন্য দুই থেকে তিনবার দরপত্র আহ্বান করা হয়েছে। এতে কেউ অংশ না নেওয়ায় মেরামত কবে হবে, তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বর্তমানে চালু থাকা এমভি মনিরুল হক স্টিমারেও যান্ত্রিক ত্রুটি রয়েছে।’ সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, ‘সাত মাস আগে বার আউলিয়া স্টিমারের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানসহ পাঁচজনকে চিঠি দিয়েছি। এ পর্যন্ত চার থেকে পাঁচবার বিভিন্ন বৈঠকে সন্দ্বীপ রুটের স্টিমার সার্ভিসের বিষয়টি উপস্থাপন করেছি। তাঁরা আশ্বাস দিলেও এখনো পরিস্থিতি পাল্টায়নি।’