যাত্রীদের পানি ও কাদা মাড়াতে হচ্ছে না আর
সন্দ্বীপ স্টিমারঘাটে বেসরকারি উদ্যোগে তৈরি হলো জেটি
পানি ও কাদা মাড়িয়ে স্টিমারে ওঠানামা সন্দ্বীপবাসীর যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। যুগ যুগ ধরে কাদাপানি মাড়িয়েই যাত্রীদের ওঠানামা করতে হতো স্টিমারে। এ কারণে নারী ও শিশুদের দুর্ভোগের শেষ থাকত না। সেই দুর্ভোগ কমাতে সম্প্রতি স্টিমারঘাটে তৈরি হয়েছে একটি জেটি। এখন আর পানি ও কাদামাটি মাড়িয়ে যাত্রীদের স্টিমারে ওঠানামা করতে হয় না। সন্দ্বীপের পশ্চিমে স্টিমারঘাটের অবস্থান। স্বাধীনতার ৩৯ বছরের মধ্যে যাত্রী ওঠানামায় সরকারি উদ্যোগে কোনো জেটি তৈরি হয়নি। অথচ এই জেটিঘাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে। জেটি তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোটও চাওয়া হয়েছে। নির্বাচনের পর জনপ্রতিনিধিরা সব ভুলে যান। ভুক্তভোগীরা জানান, কূল থেকে যাত্রী ওঠানামায় সুব্যবস্থা না থাকায় হাঁটু বা কোমরসমান পানি ভেঙে কিংবা ঘাটশ্রমিকদের কোলে চড়ে যাত্রীদের স্টিমারে ওঠানামা করতে হতো। বিশেষ করে ঘাটশ্রমিকদের কোলে চড়ে তরুণীদের স্টিমারে ওঠানামা রীতিমতো আপত্তিকর ও দৃষ্টিকটু বলে ভুক্তভোগীরা মন্তব্য করেন। এবার জেটিঘাট নির্মাণ হওয়ায় সন্দ্বীপবাসীর এমন দুর্ভোগ অনেকটা কমে গেছে।সন্দ্বীপের উপকূলে নাব্যতা বেশি না থাকায় অনেক দূরে স্টিমার নোঙর করতে হচ্ছে। ফলে যাত্রী ওঠানামায় সিট্রাক ও নৌকা ব্যবহূত হয়ে আসছিল দীর্ঘদিন। একপর্যায়ে যাত্রীদের নৌকা থেকে কাদামাটিতে নেমে পায়ে হেঁটে মূল ভূখণ্ডে যেতে হতো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) সন্দ্বীপ ঘাটের কমিশন এজেন্ট মো. জাহাঙ্গীর আলম স্টিমারঘাটের জেটিটি নির্মাণ করেন। বাঁশ ও কাঠের তৈরি জেটিটি নির্মাণ করতে প্রায় এক লাখ টাকা খরচ হয়। এটি ১৬২ ফুট দীর্ঘ ও সাড়ে তিন ফুট চওড়া। গত বছরের ৫ ডিসেম্বর এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। মো. জাহাঙ্গীর আলম জানান, ‘যাত্রীদের জান- মালের ক্ষতি ও বিব্রতকর অবস্থার কথা চিন্তা করেই আমি এ উদ্যোগ নিয়েছি।’ এ ব্যাপারে হারামিয়ার যাত্রী সিরাজুল ইসলাম জানান, সন্দ্বীপের পশ্চিমাংশের স্টিমারঘাটে নির্মিত জেটি এলাকার যাত্রীদের কষ্ট বহুলাংশে লাঘব করেছে। এতে শিশু ও মহিলারা দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। মাইটভাঙ্গার বাসিন্দা মো. নওশাদ বলেন, রহমতপুর ঘাটে নির্মিত জেটিটি চট্টগ্রাম ও সন্দ্বীপের যাতায়াতের ভোগান্তি অনেক কমিয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শাহ আলম যাত্রীসাধারণের সুবিধার্থে নিজ অর্থব্যয়ে জেটি নির্মাণ করায় মো. জাহাঙ্গীর আলমকে সাধুবাদ জানান। উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখাবুর রহমান বলেন, ‘এ ব্যবস্থা শীতকালের জন্য উপযুক্ত। তবুও কমিশন এজেন্টের এ প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।’