সন্দ্বীপযাত্রায় এবারও ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলভাগ থেকে বিচ্ছিন্ন চট্টগ্রাম শহর থেকে সন্দ্বীপমুখী যাত্রীদের এবারও ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে হবে। ঈদের ছুটিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে পর্যাপ্ত জাহাজ বরাদ্দ দিতে না পারায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাগর উত্তাল থাকায় ঈদে সন্দ্বীপের যাত্রীদের বাড়ি ফেরাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল শুক্রবার থেকে টানা ছয় দিনের পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। ছুটি শুরু হলেও ঈদের আগে চার দিনের ছুটিতে নগরের সদরঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে শুধু দুই দিন জাহাজ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। ধারণক্ষমতা অনুযায়ী এই দুুই দিন শহর থেকে সন্দ্বীপে যেতে পারবে মাত্র বড়জোর এক হাজার যাত্রী। এর বাইরে যাত্রীবাহী সি-ট্রাকে কুমিরা থেকে গুপ্তছড়া নৌপথে ঈদের আগের দুই দিন এবং পরের দুই দিন দুবার করে যাত্রী পারাপারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ঈদের পরে গুপ্তছড়া-সদরঘাট নৌপথে কোনো জাহাজ বরাদ্দ দেয়নি সংস্থাটি। তবে হাতিয়ার যাত্রীরা ঈদের আগের তিন দিন জাহাজে বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন।

‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠনের প্রধান সমন্বয়কারী রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, ‘নিরাপদ যাতায়াতের জন্য পর্যাপ্ত জাহাজ বরাদ্দ না দিয়ে বিআইডব্লিউটিসি সন্দ্বীপের যাত্রীদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। কারণ ঈদের ছুটিতে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী সন্দ্বীপে আসা-যাওয়া করে। এর মধ্যে নিরাপদে যেতে পারবে খুবই কমসংখ্যক যাত্রী। বাকিদের ঝুঁকিপূর্ণ নৌযানে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে হবে। জাহাজ বরাদ্দ না দিয়ে এই নৌপথে দায়–দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে সরকারি সংস্থাটি।’

জানতে চাইলে বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, সংস্থার বহরে থাকা তিনটি জাহাজের মধ্যে একটি নষ্ট হয়ে আছে। এটি মেরামতে জোর দেওয়া হচ্ছে। আপাতত ঈদের আগের দুই দিন সদরঘাট থেকে একটি করে মোট দুটি জাহাজ সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া কুমিরা থেকে গুপ্তছড়া নৌপথে সি-ট্রাকও নিয়মিত চলাচল করবে। যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট থাকা জাহাজটি সচল করার চেষ্টা হচ্ছে। এটি সচল হলে ঈদের আগে সদরঘাট থেকে গুপ্তছড়া নৌপথে আরও এক-দুদিন যাত্রী পারাপার করা সম্ভব হবে।

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে অন্তত আটটি রুটে যাত্রীরা আসা-যাওয়া করেন। এর মধ্যে কুমিরা-গুপ্তছড়া নৌপথে সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেন। চট্টগ্রাম শহর থেকে এই দ্বীপটিতে যাওয়ার জন্য নৌপথ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। শিশু, মহিলা ও বয়স্ক যাত্রীরা ওঠানামার সুবিধার জন্য নগরের সদরঘাটে বড় জাহাজে করে বাড়ি ফিরতে চান। কুমিরা-গুপ্তছড়া নৌপথে ওঠানামায় দুর্ভোগের কারণে সদরঘাট-গুপ্তছড়া নৌপথ বেছে নেন অনেকে। তবে বিআইডব্লিউটিসির হিসাবে, নিরাপদ যাতায়াতের এই সুযোগ পাচ্ছেন মাত্র ১ হাজার ৫০ জন যাত্রী।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও যাত্রী সার্ভিস) ফয়সাল আলম চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আগামী রোব ও সোমবার এই দুই দিন এমভি মনিরুল হক জাহাজটি যাত্রী নিয়ে সদরঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে ঈদের পরে ছুটিতে সন্দ্বীপের গুপ্তছড়া থেকে কোনো জাহাজ সদরঘাটে আসার সময়সূচি নেই।’

আমরা সন্দ্বীপবাসী সংগঠনের নেতারা জানান, সি-ট্রাক থাকলেও এটি বেশির ভাগ সময় চলে না। সাগর উত্তাল থাকলে সি-ট্রাক চালানোও সম্ভব হবে না।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবার ঈদে কুমিরা-গুপ্তছড়া নৌপথে যাত্রীদের চাপ বেশি থাকে। বিআইডব্লিউটিসির পর্যাপ্ত জাহাজ না থাকায় যাত্রীরা এখন স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দেন। ধারণক্ষমতার চেয়ে বেশিসংখ্যক যাত্রী ও ঝুঁকিপূর্ণ নৌযানে সাগর পাড়ি দেওয়ার কারণে প্রতিবছর এই নৌপথে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।