সন্দ্বীপে উত্তেজনা বাড়ছে
সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। একাধিক ইউনিয়নে প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী পক্ষের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এ কারণে প্রশাসন কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার প্রস্তুতি নিয়েছে। আগামী ৪ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সরেজমিন অনুসন্ধান করে ৭১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করেছে। উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রই রয়েছে ১১৭টি। অর্থাৎ প্রায় ৬০ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। তবে নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’প্রচারণার শুরুতে বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে ‘দেখে নেওয়ার’ হুমকি পেয়েছেন বলে অভিযোগ করছেন। গত বৃহস্পতিবার মুছাপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক প্রার্থী আবুল খায়েরের এক সমর্থককে হুমকি দেন বিএনপির সমর্থক প্রার্থী মো. সোলাইমান বাদশা। এ খবর শুনে আবুল খায়ের কর্মী-সমর্থক নিয়ে ধোপারহাটে প্রতিবাদ সভা করেন। প্রতিপক্ষ প্রার্থী সোলাইমান বাদশা মিছিল করে এর জবাব দেন। চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের বলেন, ‘সোলাইমান বাদশা নিজেই আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। এ কারণে আমি প্রতিবাদ সভা করে বলেছি, ‘‘হুমকি-ধমকি প্রত্যাহার করুন’’।’অভিযোগ অস্বীকার করে সোলাইমান বাদশা বলেন, ‘আমি কেন হুমকি দিতে যাব? অনেকে বরং আমার কর্মীদের হুমকি দিচ্ছে। তবে আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন।’ উড়িরচর ইউনিয়নেও এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করছেন। আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবীর কর্মী-সমর্থকেরা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। কর্মীদের জবাই করার হুমকি দিচ্ছে।’ বিএনপি-সমর্থিত প্রার্থী জামসেদ আলমও সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুন্নবী বলেন, ‘পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব রটাচ্ছেন। এলাকায় তাঁদের জনপ্রিয়তা নেই।’ উপজেলার তৃণমূল রাজনৈতিক কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মী এবং সমর্থকেরাই মূলত নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলীয় নির্বাচন না হলেও তিনটি দলই গোপনে নিজ নিজ প্রার্থীদের সমর্থন দিচ্ছে। তবে বেশির ভাগ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক একাধিক প্রার্থী রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এখনো পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো অনিয়মের অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে।’ নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর সন্দ্বীপের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ ইউনিয়নে নির্বাচনের দায়িত্ব পালন করবেন এক হাজার ৫৪৮ জন কর্মকর্তা।