সন্দ্বীপে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার আমার কর্মস্থল। দীর্ঘদিন বসবাসের সুবাদে চট্টগ্রামের সন্দ্বীপের বেশ কয়েকজন মানুষের সঙ্গে চেনাজানা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বন্ধুত্বের আড্ডায় তাঁদের মুখে কেবলই সন্দ্বীপের গল্প শুনি। অনেক দিন ধরে তাই ভাবছি, ছুটিতে দেশে গেলে এক ফাঁকে সন্দ্বীপের রূপ-সৌন্দর্য দেখে আসব।

বছরের শুরুতে বাংলাদেশে ছিলাম। ৬ জানুয়ারি তখনো ভোর। চট্টগ্রাম শহর কুয়াশার চাদরে মোড়ানো। আমরা হালিশহর থেকে সন্দ্বীপে যাত্রা শুরু করি। ভ্রমণসঙ্গী রানা, মেরাজ ও মাসুমের বাড়ি সন্দ্বীপেই। ফলে সন্দ্বীপ কীভাবে যাব, কোথায় ঘুরব, সেসব নিয়ে দুশ্চিন্তা ছিল না।

চট্টগ্রামের কুমিরাঘাট থেকে দ্রুতগামী একটি নৌযান আমাদের নিয়ে যাত্রা শুরু করল সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে। শান্ত মেঘনার বুকে দ্রুতগামী নৌযানের যাত্রা শুরু হতেই মন প্রফুল্ল হয়ে উঠল।

মাত্র ২০ মিনিট লাগল। আমরা প্রায় ৫০ মাইল দূরত্ব অতিক্রম করে সন্দ্বীপ পৌঁছালাম। সন্দ্বীপজুড়ে শত শত মোটরসাইকেল। ভাড়ায় খাটে। চলাচলের অন্যতম বাহন। আমরা মোটরসাইকেলে চড়ে সন্দ্বীপ ঘোরা শুরু করে দিলাম। পথের দুই পাশজুড়ে সবুজ গাছপালা। একেবারে ছবির মতো সুন্দর গ্রামীণ পরিবেশ। দ্বীপজুড়ে নয়নাভিরাম নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধকর ছড়াছড়ি প্রাণ জুড়িয়ে দেয়।

কয়েক ঘণ্টা ঘুরে সন্দ্বীপ আমাকে অভিভূত করেছে। বাংলাদেশের গ্রামগঞ্জের চিরচেনা দৃশ্য—ছোট হাট-বাজার আর দিগন্তবিস্তৃত খেতখামারের চেয়ে সন্দ্বীপ আমার কাছে ভিন্ন রকম লেগেছে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ যুগ যুগ ধরে স্থানীয় ব্যক্তিরা গড়ে তুলেছেন আপন মমতায়।

এক ফাঁকে সন্দ্বীপের পশ্চিমে জেগে ওঠা নতুন চর দেখতে গেলাম। নবজাতক শিশুর মতো ভেজা বালুর নরম শরীরে নতুন এই চর যেন অপার সম্ভাবনা নিয়ে জন্ম নিয়েছে।

একসময় বেলা বাড়তে থাকে। আমাদেরও ফেরার সময় ঘনিয়ে আসে। ঘাটে এসে দেখি, শত শত মানুষ অপেক্ষা করছেন। সন্দ্বীপে যাতায়াত ভোগান্তির খবর পড়লেও এবার তা সরাসরি দেখতে পেলাম। দীর্ঘ সারিতে নবজাতক কোলে মা যেমন আছেন, তেমনিভাবে আরও অনেক নারী, অসুস্থ এবং প্রবীণদের চোখেমুখে অপেক্ষার ক্লান্তিকর বিরক্তি।

৮০ বর্গমাইল আয়তনের সন্দ্বীপে বর্তমানে বাস করেন প্রায় চার লাখ মানুষ। এখানকার বিপুলসংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন। তাঁদের উপার্জিত অর্থে সন্দ্বীপবাসীর মুখে ফুটছে প্রাচুর্যের হাসি, রেমিট্যান্সে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। স্থানীয় ঘরবাড়িগুলোর দিকে তাকালেও এর নজির মেলে। প্রচুর দোকানপাটে সমৃদ্ধ বাজারে পাওয়া যায় সব ধরনের পণ্যসামগ্রী। এক কথায়, সন্দ্বীপ যাওয়ার আগে এটিকে অনুন্নত গাঁও-গেরাম ভেবে কল্পনায় যে চিত্র এঁকেছি, এর পুরোপুরি বিপরীত অবস্থা দেখে নিজে অবাক হয়েছি।

তামীম রায়হান

কাতার