সন্দ্বীপে ঘরে ঘরে প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড নম্বর ৯। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে ‘পাহাড়-গো বাড়ি’ নিয়ে এই একটি ওয়ার্ড। ভাঙনের কারণে আশপাশের এলাকা থেকে এসে এই বাড়িতে ঘর তুলেছেন অনেকে। এই এক বাড়ি থেকে সাধারণ সদস্য (মেম্বার) সাতজন ও সংরক্ষিত সদস্য পদে দুইজন প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডে ভোটার আছেন ২২৩ জন। এ হিসেবে গড়ে ২৫ জন ভোটার থেকে একজন করে প্রার্থী হয়েছেন। গত শনিবার এই এলাকায় যাওয়ার পথে দেখা মেলে ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রফিকুল ইসলামের সঙ্গে। পরিচয় দিতেই বলতে থাকেন তিনি—‘প্রার্থী এত বেশি যে, ভোটারের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চা খাওয়াতে বেশি সময় চলে যায়।’ তিনি বলেন, ভোটার তালিকায় ঠিকানা অনেক। তবে ভাঙনের কারণে আশপাশের এলাকা থেকে এই এক বাড়ি ঘিরেই জড়ো হয়েছি সবাই। সরেজমিন ঘুরে দেখা গেছে, এই বাড়ি ছাড়াও আজিমপুর ইউনিয়নে প্রতিটি বাড়িতেই এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। ভাঙনের কারণে একটি বাড়ি ঘিরে ঘর তুলেছেন আশপাশের মানুষজন। এভাবে দুইটি বাড়ি নিয়ে ২ নম্বর ওয়ার্ড, তিনটি বাড়ি নিয়ে যথাক্রমে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের অবস্থান। ২ নম্বর ওয়ার্ডে এক বাড়ি থেকেই ছয়জন প্রার্থী হয়েছেন বলে তথ্য দিলেন মো. হানিফ নামে এক ভোটার। এই দ্বীপে এক থেকে ২০-৩০ ঘর বা পরিবার নিয়ে একটি বাড়ি হয়। এই ইউনিয়নে যাওয়ার আগে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নেওয়া তথ্যে দেখা যায়, ইউনিয়নে ভোটারসংখ্যা এক হাজার ৭৫৭। এই ভোটারদের মধ্যে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫১ জন। অর্থাৎ গড়ে ইউনিয়নে প্রায় ৩৫ জন ভোটার থেকে একজন করে প্রার্থী হয়েছেন। প্রার্থী অনুপাতে ভোটারসংখ্যা কম হওয়ায় অন্য ইউনিয়নের চেয়ে কদর বেশি এই এলাকার ভোটারদের। ভোটার তালিকা হালনাগাদ করার পর অনেকে এই এলাকা ছেড়ে গেছেন। এ কারণে অনেক ভোটার নেই এলাকায়। কেউ কেউ আছেন প্রবাসে।ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই দেখা হয় মাকসুদুর রহমান নামে এক ভোটারের সঙ্গে। প্রার্থী বেশি হওয়ায় আপনাদের কদর বেশি নাকি—প্রশ্ন শেষ না করতেই বলতে শুরু করেন তিনি, ‘সবাই এত বেশি পরিচিত যে, চোখ বন্ধ করে ব্যালট বাক্সে সিল মারতে হবে।’ ভোটার কম হওয়ায় প্রার্থীরা যে স্বস্তিতে নেই তা দেখা গেল এই ইউনিয়নে এসে। ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী জামাল উদ্দিন। তিনি বলেন, ‘ভোটার কম হওয়ায় দুশ্চিন্তা বেশি। কারণ যার কাছে ভোট চেয়েছি সে-ই কানে কানে কথা দিয়েছে—ভোট দেবেন। এ কারণে সন্দেহ বাড়ছে।’ দুই পা বাড়াতেই দেখা ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী জাকিরুল ইসলামের সঙ্গে। বললাম, ‘আপনার ওয়ার্ডে মাত্র ১৭৭ ভোটার, বেশি প্রচারণার তো দরকার নেই।’ জাকিরুল শুরু করেন, ‘শুক্রবার প্রতীক পেয়ে মাত্র এক ঘণ্টায় নির্বাচনী প্রচারণা শেষ করেছি। কিন্তু নিজের পরিবার-আত্মীয়স্বজনের ভোট নিয়ে দুশ্চিন্তায় আছি। কারণ পরিবারের ভোট পেলেই নিশ্চিত জয়।’ ভোটার কম, প্রার্থী বেশি হওয়ার কারণ জানতে চাইলাম ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুল কাশেমের কাছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, এক যুগ আগেও এই আজিমপুর ইউনিয়ন ছিল জমজমাট। নদী সবই কেড়ে নিয়েছে। সচ্ছল পরিবারগুলো এলাকা ছেড়েছে। এক যুগ আগের তুলনায় এখন অর্ধেকের বেশি এলাকা নদীতে মিশে আছে। তালিকায় থাকা অনেক ভোটার এলাকায় নেই বলে জানালেন তিনি। সব প্রার্থীই জানালেন, মানুষের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ কথার সমর্থন দেন না অনেকে। কয়েকজন বলেন, অনেকের এখনো কর্মজীবনের বয়স। প্রার্থীদের কেউ একজন চাকরি করেন মাছধরার নৌযানে, একজন রাজমিস্ত্রি। কেউ কেউ দোকানদার। বেকারও আছেন অনেকে। নিজের সেবা না করে পরের সেবা করবেন কীভাবে? প্রশ্ন করেন কেউ কেউ।সড়ক ধরে এভাবে ফিরে আসার সময় পথে পথে দেখা হচ্ছিল প্রার্থীদের সঙ্গে। হাত মিলিয়ে আসার সময় বরাইর গো মাথা নামের একটি রাস্তার মোড়ে জিজ্ঞেস করলাম—এখানে কোনো প্রার্থী আছেন কি না? বলতেই দেখা হলো নোয়াব আলী, শাহাদত হোসেনসহ অনেকের সঙ্গে। প্রার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম সেখানে মানুষ ছিলেন ১০ জন। এর মধ্যে প্রার্থীই ছিলেন ছয়জন! এই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ভোটার সবচেয়ে কম হলেও আজিমপুর ইউনিয়নে প্রার্থীসংখ্যা বেশি। ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত আসনে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তিনি জানান। আগামী ৪ জুন সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।