সন্দ্বীপে শোকের মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের অনেক ঘরে এখনো শোকের মাতম। স্বজন হারানোর শোক, নিখোঁজ ব্যক্তিদের নিয়ে উৎকণ্ঠা আর জীবিত ব্যক্তিদের অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় নির্ঘুম সময় কাটছে এই জনপদের অনেক পরিবারের। প্রিয়জনদের খবর জানতে ব্যাকুল হয়ে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, সাভারের রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার সময় সেখানে একটি পোশাক কারখানায় কাজ করছিলেন সন্দ্বীপের ৯২ জন শ্রমিক। ঘটনার তিন দিন পরও (গত বুধবার পর্যন্ত) স্বজনদের অনেকে জানতে পারেননি তাদের প্রিয় মানুষটির খবর। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বুধবার পর্যন্ত ৩৩৫ ছাড়িয়ে গেলেও সন্দ্বীপে পৌঁছেছে মাত্র পাঁচজনের লাশ। ৬০ জনের মতো জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন। বাকি ২৭ জন কী অবস্থায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন এখনো জানতে পারেননি স্বজনেরা। ঘটনার দুই ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হন মাইটভাঙা ইউনিয়নের দিদারুল আলম প্রকাশ রফিক গায়কের ছেলে মুহাম্মদ আলী। রানা প্লাজার প্যানটম অ্যাপারেলসে ১২ বছর ধরে স্টোর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মুহাম্মদ আলী জানান, সন্দ্বীপের ৯২ জন পোশাকশ্রমিক প্যানটম অ্যাপারেলসে কাজ করতেন। মালিকদের মধ্যে আমিনুল হক ও এ বি এম সিদ্দিকের বাড়ি সন্দ্বীপে হওয়ার সুবাদে এলাকার অনেকে চাকরি পান এ কারখানায়। তিনি জানান, উদ্ধার পাওয়া বেশির ভাগ কর্মী সুস্থ আছেন। সামান্য আহত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বিভিন্ন এলাকার ২৭ জনের খোঁজ এখনো মেলেনি। এর মধ্যে রয়েছেন উত্তর মগধরার দৌলতখাঁর বাড়ির ছয়জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের আরও ২১ জন। তাঁদের স্বজনদের কান্নায় শোকের মাতম চলছে এলাকায়। হারামিয়া মুছাপুর ইউনিয়নের ইব্রাহীম মাস্টারের ছেলে তসলিম হোসেন (৩৮) কাজ করতেন প্যানটম অ্যাপারেলসে। তাঁর খোঁজ নিতে সন্দ্বীপ থেকে সাভারে ছুটে এসেছিলেন তাঁর বড় ভাই ইকবাল হোসেন। গতকাল বুধবার পর্যন্ত তসলিমের খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েন ইকবাল হোসেন। দুই চোখের পানি মুছতে মুছতে বললেন, ‘দুর্ঘটনার খবর জানার পর থেকে ওর জন্য বাবা-মাসহ পরিবারের ১২ সদস্যের সবাই কান্নায় অস্থির হয়ে আছেন। সবাই অপেক্ষা করছেন তাঁকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু এখনো কোনো খোঁজ পেলাম না।’ জীবিত উদ্ধার পাওয়া সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সংগঠক কামরুল হাসান বলেন, ‘আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। জানি না বাকিরা কেমন আছে? জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যাদের রেখে এলাম, তাদের অবস্থা ভয়াবহ। হয়তো অনেককে হারাতে হবে জীবনের জন্য। কিন্তু তাদের ব্যাপারে স্বজনদের কীভাবে সান্ত্বনা দেব তার কোনো ভাষা এখন খুঁজে পাচ্ছি না।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কামরুল।