সন্দ্বীপে সৌরবিদ্যুতের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সুবিধা বঞ্চিত সন্দ্বীপ এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত। এখানকার বেশির ভাগ পরিবারে এখন পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের আলো। বাণিজ্যিক ভিত্তিতে সন্দ্বীপের এনাম নাহার এলাকায় স্থাপিত হয়েছে একটি বিশাল সৌরবিদ্যুৎকেন্দ্র।জানা যায়, এখানকার পিডিবির উৎপাদন কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ শহরের মাত্র দেড় কিলোমিটার এলাকার চাহিদা মেটাতে পারে। বিদ্যুৎ-সুবিধা পায় মাত্র ৪৬৫টি পরিবার। তাও যান্ত্রিক ত্রুটির কারণে বেশির ভাগ সময় সরবরাহ বন্ধ থাকে।স্থানীয় বাসিন্দারা জানায়, সন্দ্বীপের হাট-বাজারগুলোতে ব্যক্তিমালিকানাধীন ছোট ছোট কিছু জেনারেটরের সাহায্যে বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ সরবরাহ চলে আসছে। বাড়িঘরে এ ধরনের জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের তেমন সুব্যবস্থাও ছিল না। জেনারেটরের সাহায্যে উৎপাদিত এই বিদ্যুৎ-সুবিধা ছিল সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত। কিন্তু সৌরবিদ্যুৎ-সুবিধা পেয়ে হাট-বাজারগুলো এখন আলোকিত। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরেও আলো জ্বলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এককালীন ও কিস্তিতে ক্রয়ের সুবিধা থাকায় সহজ সাধ্য হয়েছে এই সৌরবিদ্যুৎ। সন্দ্বীপে উপকূলীয় মহিলা উন্নয়ন সমিতি, গ্রামীণ শক্তি, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রিমসো ফাউন্ডেশন, আশা সোলার, রুরাল এনার্জি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, রেডিসহ অনেক প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ-সেবা দিচ্ছে। গ্রামীণ শক্তির সৌরবিদ্যুতের বিক্রয় ও সেবাকেন্দ্র সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে গ্রামীণ শক্তি সন্দ্বীপে কাজ করছে। তাদের গ্রাহকসংখ্যা প্রায় ১৫ হাজার। গ্রামীণ শক্তির শাখা ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘কিস্তির সুবিধা থাকায় গ্রাহকদের সৌর প্যানেল ক্রয় করা সহজ হয়েছে। ফলে গ্রাহকসংখ্যা দিন দিন বাড়ছে।’ শুধু সৌরবিদ্যুতের প্যানেল বিক্রিই নয়, সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে আবাসিক এবং ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যেই সন্দ্বীপের এনাম নাহার মোড় এলাকায় স্থাপিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র পূরবী গ্রীণ এনার্জি লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূরবী গ্রীণ এনার্জি নামক এ প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয় ২০১১ সালের ২৯ জানুয়ারি। বিশ্ব ব্যাংক ও জার্মান সংস্থা কেএফডব্লিউ-এর যৌথ অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। এই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান আসমা জাহান হক এবং ব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম। সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, এ প্রতিষ্ঠানটি এনাম নাহার মোড় এলাকায় দেড় শতাধিক গ্রাহককে সেবা দিয়ে আসছে। এ গ্রাহকদের বেশির ভাগই ব্যবসায়ী বলে জানা যায়। প্রত্যেক গ্রাহককে ব্যবহূত বিদ্যুতের বিল দিতে হচ্ছে ইউনিট প্রতি ৩২ টাকা। মাস শেষে ব্যবহূত বিদ্যুতের ইউনিট হিসাব করে কর্তৃপক্ষ বিলের একটি কপি প্রেরণ করে থাকে গ্রাহকদের। তারই ভিত্তিতে গ্রাহকগণ বিদ্যুতের বিল পরিশোধ করে থাকেন। ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের বিস্তৃতি প্রায় চার কিলোমিটার। এতে অন্তত ৪০০ গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পূরবী গ্রীণ এনার্জির লিমিটেডের আবাসিক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান-আপাতত ৭০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গ্রাহক সংখ্যা বাড়লে বিদ্যুৎ উৎপাদন ও বাড়ানো হবে। এলাকার ব্যবসায়ী আসিফ আকতার বলেন, ‘পূবরী গ্রীণ এনার্জি লিমিটেড থেকে যে বিদ্যুৎ সুবিধা পাচ্ছি তাতে ইউনিট প্রতি ৩২ টাকা বিল খুব বেশি নয়। জেনারেটরের খরচের চেয়ে অনেক কম।’ তবে একই এলাকার তাজ হোটেলের স্বত্বাধিকারী আবুল কাশেম জানান, ইউনিট প্রতি ৩২ টাকা বিল অত্যন্ত বেশি। বিলের পরিমাণ আরও অনেক কমিয়ে আনা উচিত। উপকূলীয় মহিলা উন্নয়ন সমিতির সৌরবিদ্যুৎ গ্রাহক ডাক্তার পবিত্র কুমার রায় বলেন, ‘বর্ষা কালে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সমস্যা হয়। এ ছাড়া তেমন কোন সমস্যা নেই।’