সন্দ্বীপের সবচেয়ে ভালো বিদ্যালয়টি এখন মুমূর্ষু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ভালো ফলাফলের জন্য সন্দ্বীপের সরকারি কারগিল উচ্চবিদ্যালয়ের সুনাম ছিল। শিক্ষার্থীর সংখ্যা ছিল হাজারের ওপরে। এই বিদ্যালয়ে পড়াশোনা করে জাতীয় জীবনে অবদান রেখেছেন এমন মানুষজনও কম নয়। তবে এখন এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেড় শয়েরও কম। শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ফলে অভিভাবকেরা এখানে তাঁদের সন্তানদের ভর্তি করাতে উৎসাহী হচ্ছেন না।জানা গেছে, ১৮৭৯ সালে সন্দ্বীপে ইংরেজি শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল হরিশপুর মাইনর স্কুল। ১৯০২ সালে এ বিদ্যালয়টি রূপান্তরিত হয়ে কারগিল উচ্চবিদ্যালয় নামে নতুনভাবে যাত্রা শুরু করে। ১৯৮৫ সালে এই বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ভালো ফলাফলের জন্য সুনাম ছিল বিদ্যালয়টির। তবে ১৯৯৪ সালে নদী ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি। তখন থেকেই কারগিল বিদ্যালয়ের দুর্দশার শুরু।১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অস্থায়ী ভবনে বিদ্যালয়ের কার্যক্রম চলেছে। সেই সময় অবকাঠামোগত সমস্যার কারণে ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা একে একে চলে গেছেন এই বিদ্যালয় ছেড়ে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। এরপর গত ২০০৬ সালে বিদ্যালয়টি স্থানান্তরিত হয় সন্দ্বীপ পৌরসভা এলাকায় নবনির্মিত চার তলাবিশিষ্ট ভবনে। সে বছরই নতুন করে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও এখন কর্মরত আছেন মাত্র চারজন। ১২টি শিক্ষক পদের মধ্যে সাতটি পদ শূন্য। একজন শিক্ষক নিয়োগ পেয়েও প্রেষণে অন্য বিদ্যালয়ে কাজ করছেন।বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে ১৪০ জন। চারজন শিক্ষক বিদ্যালয়ের সবগুলো শ্রেণীতে পাঠদান করছেন। বিদ্যালয়ে বাংলা, গণিত ও সমাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো শিক্ষক নেই। এর মধ্যে বিজ্ঞান শিক্ষক সাইফুল হাসান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সব শ্রেণীর বিজ্ঞান ও গণিতের ক্লাস তাকেই নিতে হয়। তিনি অসুস্থ থাকলে বা না এলে সেদিন এই বিষয়গুলোর পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া রুপেন কান্তি বড়ুয়া ইংরেজি, আবু বকর সিদ্দিক ইসলামধর্ম ও শংকর কুমার আচার্য হিন্দুধর্ম বিষয়ে পাঠদান করেন। মঈনুদ্দীন মো. এমরান নামের একজন শিক্ষক প্রেষণে কাজ করছেন চট্টগ্রামের বাকলিয়া সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে।দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম বলে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল হাসান সব শ্রেণীতে গণিত পড়ান। তিনি অফিসের কাজে ব্যস্ত থাকলে অথবা ছুটিতে থাকলে এ গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান হয় না। অপর দিকে ইংরেজিও পড়ান একজন শিক্ষক। তিনি ছুটিতে থাকলেও ওই বিষয়ে ক্লাস হয় না।অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের অতীত গৌরব এখন আর নেই। বিদ্যালয়টি নতুন ভবনে স্থানান্তরের পরও শিক্ষকসংকট কাটেনি। শিক্ষা কার্যক্রম দিন দিন স্থবির হয়ে পড়ছে। ফলে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল হাসান বলেন, শিক্ষকসংকট সম্পর্কে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক বরাবরে কয়েকবার চিঠি লিখেছি। উপপরিচালকের সঙ্গে দেখাও করেছি। তিনি শিক্ষকসংকট দূর করার আশ্বাস দিয়েছেন।