২০১৪ সালে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার হওয়ার কথা রয়েছে। বিদেশি বাহিনী চলে গেলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের হামলার মুখে ক্ষমতায় থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান-এর সঙ্গে সম্প্রতি কথা বলেছেন প্রেসিডেন্ট কারজাই। সে কথোপকথনের নির্বাচিত অংশ:বিদেশি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তুতি চলছে। আফগানিস্তানের জন্য এটা সন্ধিক্ষণ। অনেকেই বলছেন, আপনাদের সামনে কঠিন সময় আসছে। আপনি কী মনে করেন?সন্ধিক্ষণে অবশ্যই নানা সমস্যা থাকে। আফগানিস্তানের সামর্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। আমরা রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হচ্ছি। সব প্রতিষ্ঠানের স্থিতিশীলতা আসতে আরও কয়েক বছর সময় লাগবে। আমরা খুব উদ্বিগ্ন নই। আমার ও বেশির ভাগ আফগানের ধারণা, সন্ধিক্ষণটি কেটে গেলে আমরা ভালো থাকব।কিন্তু সামনের ১৮ মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ নয় কি?সামাজিক ও রাজনৈতিক কিছু ঝুঁকি আছে। এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অস্থিতিশীলতা বলা যাবে না। আমরা অবশ্যই সেটা কাটিয়ে উঠতে পারব।আফগানিস্তানে এখনো পুরোপুরি নিরাপত্তা কিংবা স্থিতিশীলতা ফিরে আসেনি। এর মধ্যেই বিদেশি সেনা প্রত্যাহার করা হচ্ছে...।৯/১১-এর পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে আসে। এখন তারা চলে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে, তারা আগের চেয়ে নিরাপদ, সন্ত্রাসবাদ পরাজিত হওয়ার পথে। আফগানিস্তানে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার কিছু নেই। তাই চলে যাচ্ছে।কিন্তু তারা তো কাজ শেষ করে যাচ্ছে না, করেছে কী?আমি আগেই বলেছি, এর দুটি কারণ হতে পারে। প্রথমত, তারা হয়তো মনে করছে, তারা সন্ত্রাসবাদ ও আল-কায়েদাকে দুর্বল করতে পেরেছে। দ্বিতীয়ত, তাদের ধারণা হয়েছে, ভুল জায়গায় যুদ্ধ করছে, তাই চলে যাওয়া উচিত।আপনি নিশ্চয়ই আফগান জনগণের জীবনের ওপর থেকে বন্দুকের ছায়া মুছে ফেলতে চান। কিন্তু তালেবান অস্ত্র ত্যাগ করেনি। তাদের সঙ্গে কি আলোচনার আশা আছে? আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আফগান পিস কাউন্সিল ও তালেবানের মধ্যে সংলাপ হবে। বাইরের বিষয় নিয়ে আলোচনা হলে বিষয়টি জটিল হবে।বাইরের বিষয় বলতে কী বোঝাচ্ছেন? পাকিস্তান কি এর একটি?পাকিস্তান, যুক্তরাষ্ট্র বা আমাদের অন্য প্রতিবেশী।কিন্তু তালেবান আপনার সঙ্গে আলোচনায় বসবে বলে মনে হয় না। তালেবানের অনেকেই আপনার লাশ দেখতে চায়।তারা হয়তো ব্যক্তি কারজাইয়ের মৃত্যু চায়। কিন্তু তালেবান নেতাদের অনেকের সঙ্গেই আমাদের যোগাযোগ আছে। তারা আফগান জনগণের সঙ্গে আলোচনা করতে চায়। তারা মনে করে, আলোচনাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।কবে নাগাদ তালেবানের সঙ্গে আপনার সরকারের আলোচনা হবে? কয়েক মাস নাকি কয়েক সপ্তাহের মধ্যে?আসলে এখনো তেমন অগ্রগতি হয়নি। বিশেষ করে কাতারভিত্তিক তালেবানের সঙ্গে আলোচনায়। আফগানিস্তানে আমাদের সরকার ও স্থানীয় তালেবানের মধ্যে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। সত্যি বলতে, বাইরের পক্ষগুলো একটা বড় ব্যাপার। এটা শুধু আফগানিস্তানের কয়েকটি পক্ষের ব্যাপার হলে অনেক আগেই শান্তি আসত। ভাষান্তর: মাহফুজার রহমান