গত ৩০ এপ্রিলের সন্ধ্যা সাড়ে সাতটা। কক্সবাজার শহরে যাওয়ার জন্য নিশিতা শারমিন (৩৬) নামের এক যাত্রী চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে আসেন। গাড়ির কাউন্টারে ঢুকতেই দুই ছিনতাইকারী তাঁর ভ্যানিটি ব্যাগটি টান মেরে নিয়ে যায়।
তারও পক্ষকাল আগের ঘটনা। ১৪ এপ্রিল সন্ধ্যা ছয়টা, স্থান সেই চকরিয়া বাস টার্মিনাল। কুতুবদিয়া বড়ঘোপ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম (২৯) কক্সবাজার থেকে চকরিয়া নেমেই পড়েন ছিনতাইকারীদের কবলে। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে এক হাজার ১৭৫ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কক্সবাজারের চকরিয়ার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে এমন ঘটনা ঘটছে হরহামেশা। এতে যাত্রীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। প্রশ্ন উঠেছে বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। পরিবহন শ্রমিকেরা জানান, টার্মিনালের উত্তর-পশ্চিম অংশে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বসে গাঁজা ও মাদকসেবীদের আড্ডা। এ কারণে টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে। বাস টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি উঠেছে শ্রমিকদের পক্ষ থেকে।
জানা গেছে, চকরিয়া পৌর শহরকে যানজটমুক্ত করতে ২০০৯ সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শহরের দক্ষিণে শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হয়। শহরের চিরিঙ্গা স্টেশনকে যানজটমুক্ত করার লক্ষ্যে দূরপাল্লার বাস কাউন্টার টার্মিনালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, টার্মিনালকে ঘিরে একাধিক বখাটে ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে বখাটেদের কারণে টার্মিনালে প্রতিনিয়ত নারী যাত্রীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এদিকে বখাটে ও ছিনতাইকারী চক্রের কারণে অতিষ্ঠ হয়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৬ মে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইনের কাছে পাঁচটি লিখিত দাবি দিয়েছেন।
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল আজাদ বলেন, ‘আমাদের লিখিত পাঁচ দফা দাবি মানার ব্যাপারে প্রশাসন আশ্বাস দিয়েছে। দাবি মানা না হলে ২৭ মে কর্মসূচি ঘোষণা করা হবে।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, জনসাধারণের নিরাপত্তায় পুলিশের ভ্রাম্যমাণ দল সব সময় মাঠে থাকে।
এর পরও যদি টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশি প্রহরা প্রয়োজন হয়, তাহলে আলোচনা সাপেক্ষে দেওয়া যেতে পারে।
মো. মোয়াজ্জম হোসাইন বলেন, টার্মিনালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের। বিষয়টি সমাধানে মেয়র ও পৌরসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, টার্মিনালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শিগগিরই সেখানে বাতির ব্যবস্থা করা হবে।