
দেবীপক্ষের মহালয়া হয়ে গেছে। এখন অপেক্ষা ষষ্ঠীর। বাকি মাত্র চার দিন। মণ্ডপে মণ্ডপে এখনই লেগে গেছে উৎসবের আমেজ। যার রং লেগেছে নগরের বিপণিকেন্দ্রেও। পূজার কেনাকাটা চলছে জমজমাট। প্রতিদিন বিকেল থেকেই বাড়তে থাকে ক্রেতার ভিড়, সন্ধ্যা গড়াতে রীতিমতো ক্রেতায় ঠাসা থাকছে বিপণিকেন্দ্র।
দোকানিরা জানান, গত রোববার থেকেই পূজার পোশাক বিক্রি বেড়েছে। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা পছন্দসই পোশাকের খোঁজে ঢুঁ মারছেন বিপণিকেন্দ্রে। পূজা যেহেতু চার দিনের তাই ওভাবেই পোশাক কিনছেন ক্রেতারা। বিশেষ করে শাড়ি ও শিশুদের পোশাক বিক্রি বেশি।
নগরের বড় বিপণিকেন্দ্র টেরিবাজার, মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, আক্তারুজ্জামান সেন্টার, রিয়াজউদ্দিন বাজার ও জহুর হকার মার্কেটে দোকানিরাও পূজা উপলক্ষে পোশাকের পসরা সাজিয়েছেন।
গত মঙ্গলবার টেরিবাজারে গেলে কথা হয় পাথরঘাটার বাসিন্দা মনোরঞ্জন দাশের সঙ্গে। তাঁর মতে, ‘কয়েক দিন বৃষ্টি হওয়ায় কেনাকাটার জন্য বেরোতে পারেননি অনেকেই। তাই এখন তাড়াহুড়ো করে সবাই বিপণিকেন্দ্রে যাচ্ছেন।’
দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পূজার বাজারে মেয়েদের শাড়ি ও জমকালো কাজের সালোয়ার-কামিজের চাহিদা বেশি। এর মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক, কাঞ্জিভরম, সিফন, পিওর-সিল্ক, ভাগলপুরী, গাদোয়াল, তসর, জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির কদর বেশি।
টেরিবাজারের পোশাকের দোকান পরশমণির স্বত্বাধিকারী মোহাম্মদ ঈসমাইল বলেন, ‘পূজায় প্রতিবারের মতো এ বছরও শাড়ির চাহিদাই বেশি। এ ছাড়া তরুণীরা সেলাই ছাড়া সালোয়ার-কামিজ ও ছেলেরা পাঞ্জাবিই কিনছেন।’ এ দোকানে ৫০০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।
টেরিবাজারে পূজার কেনাকাটা করতে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রীদিপ্তা আচার্য। তিনি বলেন, ‘ষষ্ঠী থেকে দশমী চার দিনের পূজায় জমকালো সাজ থাকে অষ্টমী ও নবমীতে। এই দুই দিন সালোয়ার-কামিজ ও দশমীতে শাড়ি পরব। সেই হিসেবে পোশাক কিনছি। তবে এবার পোশাকের ডিজাইনে খুব একটা বৈচিত্র্য খুঁজে পাচ্ছি না।’
ছেলেদের পোশাকের ক্ষেত্রে এবার পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কটি বেশ চলছে। অনেকে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য পূজার আমেজের সঙ্গে মিলিয়ে কিনছেন ধুতিও।
নগরের দেওয়ান বাজার এলাকার পোশাকের দোকান শ্রীনিকেতনের শাখা ব্যবস্থাপক ওম প্রকাশ বিশ্বাস বলেন, ‘কোরবানির বন্ধ শেষ হওয়ার পর থেকে সীমিত আকারে শুরু হয়েছে পূজার বেচাকেনা। বিশেষ করে কয়েক দিন ধরে অনেক বেশি চাপ যাচ্ছে।’
শ্রীনিকেতনে কথা হয় মাছুয়া ঝর্ণা এলাকা থেকে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা অজিত কান্তি দাশের সঙ্গে। তিনি বলেন, ‘এ বছর পোশাকের দাম গতবারের চেয়ে কিছুটা বাড়তি। তবুও উৎসব উপলক্ষে কেনাকাটা তো করতেই হবে।’
নগরের মোমিন সড়কের বিগ বাজারে শিশুদের পোশাকের চাহিদা বেশি রয়েছে বলে জানালেন শাখা ব্যবস্থাপক রাজীব ধর। তিনি বলেন, পোশাকের পাশাপাশি বিক্রি হচ্ছে মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়িসহ অন্যান্য অনুষঙ্গ।