সন্ধ্যা হলেই হাজির র্যাকেট হাতে

পাশাপাশি কয়েকটি কোর্টে ফ্লাডলাইটের আলোতে চলছে খেলা। র্যাকেটে বাড়ি খেয়ে শাটল কর্কের ছুটে যাওয়ার শব্দে মুখরিত চারপাশ। কেউ সমস্বরে পয়েন্ট গুনছেন, কেউ বা লিভ ইট বলে শূন্যে ঝাঁপিয়ে সজোরে চাপ মারছেন বিপক্ষ দলের কোর্টে।
গত সোমবার সন্ধ্যা সাতটায় নগরের মোহাম্মদ আলী সড়কে আবদুল হালিম আবাসিক এলাকায় গিয়ে এমন ব্যাডমিন্টন উৎসব দেখা গেল। এখনকার একটি মাঠে চারটি ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে খেলায় মেতেছেন পাড়ার তরুণেরা। বিভিন্ন দলে ভাগ হয়ে চলছিল খেলা। কোনো কোর্টে সিঙ্গেলস, কোনো কোর্টে চলছিল ডাবলস। কোনো আনুষ্ঠানিক টুর্নামেন্ট নয়, তবু খেলা নিয়ে উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না এতটুকু।
কেবল আবদুল হালিম আবাসিক এলাকায় নয়, শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে নগরের পাড়ায় পাড়ায় জমে উঠেছে ব্যাডমিন্টনের আসর। শীত মৌসুমের সান্ধ্যকালীন এই খেলা ছেলে-বুড়ো সবার কাছে সমান জনপ্রিয়। তাই সন্ধ্যা নামার পর অফিস-ফেরত কর্মজীবী মানুষ আর তরুণ-তরুণীরা র্যাকেট হাতে হাজির হন পাড়ার মাঠে। যেখানে প্রশস্ত মাঠ নেই, সেখানেও থেমে নেই ব্যাডমিন্টন। এক চিলতে আঙিনার ওপরও চলছে হাওয়ায় শাটল কর্ক ছোড়ার খেলা।
আবদুল হালিম আবাসিক এলাকায় কথা হয় মোশাররফ হোসেন, আবির মহাজন ও জুলকারনাইন মেহেদীর সঙ্গে। তাঁরা জানান, প্রতি শীতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় পাড়ায়। এবারও বন্ধুরা মিলে কোর্ট তৈরি করেছেন খেলার জন্য। এই খেলায় মজা কিংবা উত্তেজনা কোনোটারই কমতি নেই।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাঈদ আহসান থাকেন নগরের চান্দগাঁও আবাসিক এলাকায়। সন্ধ্যা হলেই ব্যাডমিন্টন কোর্টে হাজির হন র্যাকেট হাতে। সাঈদ বলেন, ‘বিকেলে ছোটরা খেলে, আমাদের খেলা হয় মূলত রাতে। শীত যত বাড়ে, খেলাও তত জমতে থাকে।’
সাঈদ জানালেন, পাড়ার ছেলেরা নিজেরাই চাঁদা দিয়ে শাটল কর্ক কেনেন। অনেক সময় স্থানীয় ক্লাবের সদস্যরাও বিদ্যুৎ সংযোগ, বাল্ব ও নেটের জোগান দিয়ে সাহায্য করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র রাশেদ হাসান প্রতিদিন মেডিকেল কলেজ ক্যাম্পাসেই মেতে ওঠেন ব্যাডমিন্টন খেলায়। রাশেদ বলেন, ‘শীতের সকালটা বিছানাতেই কেটে যায় আলসেমিতে। তাই শরীরটাও বাড়তে থাকে। শরীরের ফিটনেস ধরে রাখতে শীতের রাতে তাই ব্যাডমিন্টন না খেললে চলেই না।’
ছেলেদের সঙ্গে সমানতালে খেলছেন মেয়েরাও। নগরের নাসিরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া তাশরিন বলেন, ‘ইচ্ছে হলে মাঝে মাঝে ভাইবোনদের সঙ্গে খেলতে নামি। প্রতিবছর শীত এলেই ব্যাডমিন্টন খেলার নেশায় মেতে উঠি।’
নগরের স্টেডিয়াম মার্কেট ও নিউমার্কেট এলাকায় খেলার সরঞ্জামের দোকানগুলোতে বেড়েছে ব্যাডমিন্টনের র্যাকেট ও শাটল বিক্রি। এসব দোকানে কার্বন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, নেনোটিউব ও গ্রাফাইট দিয়ে তৈরি ছোট, বড় ও মাঝারি এ তিন ধরনের র্যাকেট পাওয়া যাচ্ছে। নামীদামি ব্র্যান্ডের মধ্যে দেখা গেছে ইউনেক্স, উইলসন, উইস, গোল্ডেন উইন, কে সন, আরএসএল, ওয়াই থ্রি ও এ থ্রি র্যাকেট। এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেটের দাম পড়বে ২০০ থেকে ১০ হাজার টাকা। আর কর্ক পাওয়া যায় প্রতিটি ২০ থেকে ১১০ টাকায়। এ ছাড়া নেটের দাম পড়বে ৩০০ থেকে ২০০০ টাকা।