সন্ধ্যাটা স্মরণীয় করলেন পার্থ, নকীবরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী আহমেদ নেওয়াজের প্রদর্শনী খেরোখাতার শেষ দিনে শিল্পকলার মঞ্চে গান করেন ব্যান্ডদল সোলসের শিল্পী পার্থ বড়ুয়া l প্রথম আলো
শিল্পী আহমেদ নেওয়াজের প্রদর্শনী খেরোখাতার শেষ দিনে শিল্পকলার মঞ্চে গান করেন ব্যান্ডদল সোলসের শিল্পী পার্থ বড়ুয়া l প্রথম আলো

তাঁরা মঞ্চে পা দিতেই করতালিতে ফেটে পড়ল দর্শক। দীর্ঘক্ষণের অপেক্ষা বুঝি শেষ হলো। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘আইয়োনা আইয়োনা’ দিয়ে শুরু। শেষ হলো ‘মন শুধু মন ছুঁয়েছে’ দিয়ে। মঞ্চে বহুদিন পর একসঙ্গে দেখা গেল নকীব খান, পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া রনি ও শহিদউদ্দিন মাহমুদকে। সোলস মানে আত্মা। আর দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘সোলসের’ আত্মা যে এই চট্টগ্রাম, সেটা দর্শকেরা উপলব্ধি করলেন আরও একবার।
সোলসের প্রতিষ্ঠাকালীন সদস্য শিল্পী আহমেদ নেওয়াজের চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘খেরোখাতা’র সমাপনী দিনে মঞ্চে এক কাতারে হাজির নকীব, পার্থরা। আর তাঁদের গানে শিল্পকলার দর্শকদের কাছেও দিনটি স্মরণীয় হয়ে রইল।
‘খেরোখাতা’ প্রদর্শনীর শেষটা গল্পের মতোই হলো। সন্ধ্যা থেকে রাত অবধি চলল বাউল গান, লালনগীতি আর সোলসের মনমাতানো পরিবেশনা। এর আগে ছিল আলোচনা সভা। এতে অতিথি ছিলেন অধ্যাপক গোলাম মুস্তাফা, শিল্পী চন্দ্রশেখর সাহা, নকীব খান, শহিদউদ্দিন মাহমুদ, সুব্রত বড়ুয়া। আর তাঁদের সঙ্গে ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ। অতিথিদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও হাটখোলা পরিচালক কবি ইউসুফ মুহাম্মদ।
সুরের আয়োজনের শুরুতে মঞ্চে আসেন শিল্পী গোলাম মোস্তফা। তিনি বাউল গানের সুর রসে সিক্ত করেন দর্শকদের। এরপর ‘লালন গীতি’ নিয়ে মঞ্চে আসেন শিল্পী চুমকি।
সোলসের পরিবেশনায় ছিল ‘ফেলে আসা সেই মনটাকে’, ‘ব্যস্ততা আমায় দেয় না অবসর’, ‘চায়ের কাপে পরিচয়’, ‘এ এমন পরিচয়’, ‘সাগরের ওই প্রান্তরে’সহ বেশ কিছু জনপ্রিয় গান। পার্থ বড়ুয়া গাইলেন ‘কেন এই নিঃসঙ্গতা’, নকীব খান পরিবেশন করলেন ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ ও ‘ভালো লাগে, জ্যোৎস্না রাতে’ শিরোনামের দুটি জনপ্রিয় গান।
শেষে সোলসের সব সদস্যের সঙ্গে দর্শকেরাও কণ্ঠ মেলালেন। শিল্পকলাজুড়ে তখন ধ্বনিত হচ্ছে, ‘মন শুধু মন ছুঁয়েছে।’ এত লোক একসঙ্গে গাইছে কিন্তু বেসুরো ঠেকছে না। এই একটি গান এ দেশের সব বয়সের মানুষ কী একবারের জন্য হলেও গুনগুন করে গাননি? সোলস তো এমন গান করেই শ্রোতার অন্তরে ঠাঁই নিয়েছে।