সন্ধ্যার পরই নেমে আসে অজানা ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ জুন নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বনাশা আগুনে নিমতলীর ১১টি ভবন ও ১৫টি দোকান পুড়েছে। ঝরে গেছে ১২১টি প্রাণ। স্থানীয় ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবাব কাটরা পঞ্চায়েত কার্যালয়ে অস্থায়ী কার্যালয় খুলেছেন। কাউন্সিলর মো. মোহন প্রথম আলোকে বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে, সেটি বলা যাচ্ছে না। সন্ধ্যার পর গোটা এলাকা ফাঁকা হয়ে যায়। রাতে এখানে পুলিশ ছাড়া কাউকে পাওয়া যায় না। নিমতলীর নবাব কাটরার অধিকাংশ শিশুই এখন আগুন-আতঙ্কে রয়েছে। দিনের বেলায় যদিও থাকা যায়, কিন্তু রাতে যেন আর থাকারই উপায় নেই। ভবনের মালিকেরা যাও একটু আত্মীয়স্বজন নিয়ে থাকার চেষ্টা করছেন, কিন্তু ভাড়াটিয়ারা অধিকাংশই ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। আর নতুন করে কোনো ভাড়াটিয়াও বাসা ভাড়া নিচ্ছেন না নিমতলীতে। নিমতলী এলাকার বিভিন্ন বাসার শিশুদের বাবা-মায়েরা জানান, শিশুরা রাতে ঘুমের মধ্যে আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ঝুনু শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, নিমতলীর যাঁরা চিকিৎসা নিতে আসছেন, তাঁদের সবারই সমস্যা প্রায় একই রকম। ঘুম না হওয়া, ঘটনার স্মৃতি বারবার মনে পড়া, ঘটনাটি স্বপ্নে দেখা, আবার ঘটতে পারে এমন আশঙ্কা, ইত্যাদি সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছে।