সপ্তমে সরকারি মহিলা কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার সেরা দশে ছিল না চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এবার সপ্তম স্থান অর্জন করেছে কলেজটি। ভালো ফলাফলের কারণে ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও বেশ খুশি। কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম বলেন, ‘এবার আমাদের ফলাফল বেশ ভালো। গতবার পাসের হার ছিল ৮৬ ভাগ। এ বার ৯৩ দশমিক ৮৫। শুধু তাই নয়, এবার আমরা শিক্ষা বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছি।’ ভালো ফলাফল কারণ কী? জানতে চাইলে অধ্যক্ষ জানান, ‘নিয়মিত ক্লাস পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষার জন্য বাড়তি যত্ন, সঠিকভাবে পড়ানো এবং ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার কারণে ফল ভালো হয়েছে। আমরা ছাত্রীদের প্রজেক্টরের মাধ্যমে পড়াতাম, যা অন্য কোনো কলেজে করা হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ছাত্রীদের নিয়মশৃঙ্খলার মধ্যে রাখি, যার ফল আমরা আজ পেলাম।’ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪ দশমিক ৮ পেয়েছেন পূজা চক্রবর্তী। তিনি বলেন, ‘প্রথমে ফলাফল শুনে খুব মন খারাপ হয়েছিল যে, একটুর জন্য জিপিএ-৫ পেলাম না। কিন্তু পরে দেখলাম আমার ফলাফল অনেকের চেয়ে ভালো। তখন মন ভালো হয়ে গেছে। আমাদের জন্য শিক্ষকেরা তো কম কিছু করেননি।’ কলেজের বিজ্ঞান বিভাগে ৩৬৮ জন, ব্যবসায় শিক্ষায় ২৯৪ জন ও মানবিকে ২৯৮ জনসহ পরীক্ষার্থী ছিলেন ৯৬০ জন। এর মধ্যে পাস করেছেন ৯০১ জন। বিজ্ঞান বিভাগে ৩৩১ জন, ব্যবসায় শিক্ষায় ২৯৪ জন এবং মানবিকে ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন— বিজ্ঞান থেকে ৭৮ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১৮ ও মানবিক বিভাগে দুইজন।