নতুন তরজমায় ‘দান্তে’
অনুবাদ বিষয়ে শেষ কথা বলে কিছু নেই। যুগে যুগে বিশ্বসাহিত্যের ক্ল্যাসিক সব রচনা নানা হাতে তরজমা হয়েছে ইংরেজিতে। একেকটি অনুবাদ নতুন আদলে হাজির করতে চেয়েছে মূল টেক্সটিকে। এ তালিকায় সদ্য সংযোজন দান্তের দ্য ডিভাইন কমেডি। অনুবাদক ক্লাইভ জেমস। ক্লাইভের এক যুগের নিরলস পরিশ্রমের ফসল এ অনুবাদগ্রন্থ।
সূত্র: দ্য গার্ডিয়ান

জিউসেপ্পে তোর্নাতোরের নতুন ছবি
সিসিলির চলচ্চিত্র পরিচালক জিউসেপ্পে তোর্নাতোরের (জ. ১৯৫৬) নতুন ছবি দ্য বেস্ট অফারকে তাঁর এযাবৎকালের সেরা ছবি হিসেবে মূল্যায়ন করছে ইতালীয় মিডিয়া। ইংরেজিতে করা, জিওফ্রে রাশ অভিনীত এবং এন্নিয়ো মোররিকোনের সুরারোপিত থ্রিলারধর্মী প্রেমের গল্পের এ চলচ্চিত্র সিনেমা পারাদিসো, মালেনা ইত্যাদি বিখ্যাত লোকপ্রিয় চলচ্চিত্রের স্রষ্টার ক্যারিয়ারে আরও কয়েকটি উজ্জ্বল পালক যোগ করল।
সূত্র: আইএমডিবি.কম
আইমে সেজারের জন্মশতবার্ষিকী
নেগ্রিচ্যুড আন্দোলনের পুরোধা, মার্তিনিকের কবি, রাজনীতিবিদ ও নাট্যকার আইমে সেজারের (১৯১৩-২০০৮) জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে মুখর এখন বিশ্বের নানা প্রান্তের ফরাসি ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়গুলোর ফরাসি বিভাগ। সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনীর মধ্য দিয়ে তারা স্মরণ করছে কাইয়ে দুঁ রেত্যু অ পাই নাতাল (দেশে ফেরার খাতা) কাব্যগ্রন্থের এই মহান স্রষ্টাকে।
সূত্র: ম্যাগাজিন লিতেরাই
l রফিক-উম-মুনীর চৌধুরী