সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মে সকাল নয়টার দিকে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। এ সময় নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে দশম শ্রেণী পড়ুয়া ১৬ বছর বয়সী এই কিশোর বাইরে বেরিয়ে যায়। প্রায় ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে দুর্যোগ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। এই কিশোরের সাক্ষাৎকার নিয়েছেন ইশরাত হোসেন

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়ছে, যে যার যার মতো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় লোকজনকে উদ্ধার করতে বাইরে নামলে কেন?

ওই দিন সকাল আমার মা রাশিদা বেগম ও আমি দোতলার জানালা খুলে দেখলাম, প্রচণ্ড ঝড়ের মধ্যে শিশুকোলে এক মহিলা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাতাসের তীব্রতায় তিনি হুমড়ি খেয়ে পানির মধ্যে পড়ে গেলেন। আমি বললাম, মা, আমি ওদের নিয়ে আসি। মা বললেন, ‘যা।’ আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গিয়ে নিয়ে এলাম আমাদের বাসায়।

তারপর...

আমি চলে গেলাম নদীর পাশের আবাসন প্রকল্পে। সেখান থেকে একজন, দুজন করে লোক আনতে শুরু করলাম আমাদের বাসায়।

লোকজনকে উদ্ধার করে আনতে কী কী সমস্যা হয়েছে...

তখন প্রচণ্ড বাতাসের কারণে এক পা সামনে এগোনোও কষ্টকর ছিল। সিয়াম নামে (৪) একটি শিশুকে কোলে নিয়ে আমি আমাদের বাসার দিকে যাচ্ছিলাম। তখন উড়ে যাওয়া একটি টিনের চাল লেগে সিয়ামের পা কেটে যায়। বাসায় নেওয়ার পর আমার মা ওকে প্রাথমিক চিকিৎসা দেন।

ওই সময় অন্য কোনো উদ্ধারকর্মী এলাকায় ছিলেন?

ঝড় শুরুর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির একজন উদ্ধারকর্মীকে আমরা এলাকায় দেখেছি। কিন্তু ঝড় শুরু হওয়ার পর রাস্তায় আর কোনো মানুষ ছিল না।

এ রকম একটা ঝুঁকিপূর্ণ কাজে নামলে কীভাবে?

এলাকার সব মানুষই আমার পরিচিত। দুর্যোগের সময় তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা আমার কর্তব্য বলে মনে হয়েছে। আমার মাও আমাকে এ কাজ করতে উৎসাহিত করেছেন।

ভবিষ্যতে কী করতে চাও?

পড়াশোনা শেষ করে জনপ্রশাসনে কাজ করার ইচ্ছা আছে।