সপ্তাহজুড়ে দরপতন
প্রণোদনাসহ সরকারের নানামুখী তৎপরতা সত্ত্বেও পুঁজিবাজারে দর ও সূচক পতন অব্যাহত রয়েছে। বিনোয়োগকারীদের অভিযোগ, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাজার যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অযাচিত হস্তক্ষেপ আবারও বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইসি) সার্বিক মূল্যসূচক ২৫১ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪৮ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে ইনভেস্টরস ফোরাম অব চিটাগংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘গত দুই কার্যদিবসে শেয়ারবাজারের ৩০০ পয়েন্ট পড়ে যাওয়ার পেছনে বিশ্বব্যাংক ও আইএমএফের নেতিবাচক মন্তব্যই দায়ী। আমরা এ ব্যাপারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) সুস্পষ্ট বক্তব্য আশা করছি।’ পুঁজিবাজারের স্থিতিশীলতার লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকের ‘বিশেষ তহবিল গঠন’ প্রক্রিয়া এ দুটি আন্তর্জাতিক সংস্থার সমালোচনার মুখে পড়ে। আর এটাই পুঁজিবাজারে বিরূপ প্রভাব ফেলে বলে বিনিয়োগকারীরা মনে করেন। এ নিয়ে তাঁরা বিক্ষোভ করেছেন রাস্তায়। এর আগের সপ্তাহেও বাজারের স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীরা প্রায় লাগাতার কর্মসূচি পালন করেন। রাজধানী ঢাকায় বিনিয়োগকারীরা আমরণ অনশনে নামেন এ দাবিতে। এর পরিপ্রেক্ষিতে সরকার তখন বেশ কিছু প্রণোদনা ঘোষণা করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একক গ্রাহক ঋণের সময় বাড়ানো, পুঁজিবাজারের লেনদেনে ব্রোকারেজ ও সিডিবিএল চার্জ কমানো, বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগ, মিউচুয়াল ফান্ডের কর প্রত্যাহার ও বিনিয়োগের ওপর কর রেয়াত। সরকারের পাশাপাশি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোও শেয়ারবাজারের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার ঘোষণা দেয়। এসব প্রণোদনাও বাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি। টানা পতন থেকে বেরিয়ে আসতে পারেনি শেয়ারবাজার। সপ্তাহের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত তা আর স্থায়িত্ব পায়নি। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সিএসইতে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে, কমে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ দিন এ স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি টাকা। এর আগের দিনের তুলনায় পাঁচ কোটি টাকা বেশি। ওই দিন লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি টাকা।